ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের দুশ্চিন্তা করার মতোই খবর। ইব্রাহিমোভিচকে পাওয়ার দৌড়ে ইংলিশ ক্লাবটিকে এবার ‘তীব্র’ প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। প্রতিদ্বন্দ্বী ক্লাবের নাম? রট-ভেইস ওবারহাউসেন! ক্লাবটির নাম কখনো শোনেননি মনে হচ্ছে? জার্মানির আধা পেশাদার লিগ রেজিওনালিগা ওয়েস্টে খেলা ক্লাবটির নাম শোনার কথাও নয়। সে যা-ই হোক, ইব্রাকে বেশ চটকদার প্রস্তাব দিয়ে বসেছে ক্লাবটি। বেশি টাকা দেওয়ার ক্ষমতা তো নেই, ওবারহাউসেন তাই সুইডিশ স্ট্রাইকারকে লোভ দেখাচ্ছে, ক্লাবে যোগ দিলেই ওই শহরের চাবি দিয়ে দেওয়া হবে। এমনকি ইব্রা চাইলে শহরের সাংস্কৃতিক প্রাঙ্গণ এবার্টবাডে বানিয়ে দেওয়া হবে আস্ত একটা সুইমিংপুল। স্থানীয় বিয়ার ব্র্যান্ড ‘কোনিগ পিলসেনারে’র নামও বদলে রাখা হবে ‘ইব্রাহিমোভিচ পিলসেনার’। ভাবছেন এটাই শেষ? আসল প্রস্তাব তো এখনো বাকি। ওবারহাউসেন ঘোষণা দিয়েছে, ইব্রা ক্লাবে এলে পুরো শহরকে রাজ্য ঘোষণা করে দেওয়া হবে, যার রাজা হবেন ইব্রা! গোলডটকম।