ইব্রা-রোনালদো মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্লাতান ইব্রাহিমোভিচ নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবলভক্তদের দুর্ভাগ্য, বিশ্বকাপ দেখতে পাবে এই দুজনের যেকোনো একজনকে। প্লে-অফে যে মুখোমুখি পর্তুগাল-সুইডেন! কালই জুরিখে হয়ে গেছে ইউরোপের প্লে-অফ ড্র। সেখানেই ভাগ্য এক সুতায় বেঁধেছে এই দুই দলকে। ফ্রান্সের প্রতিপক্ষ গত ইউরোর স্বাগতিক ইউক্রেন। অন্য দুই প্লে-অফে মুখোমুখি গ্রিস-রোমানিয়া ও ক্রোয়েশিয়া-আইসল্যান্ড।
ফ্রান্স-পর্তুগালের মুখোমুখি হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেটা হয়নি। সুইডেনকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে অবশ্য খুশি হওয়ার কোনো কারণ নেই রোনালদোদের। পর্তুগালের কোচ পাওলো বেন্তোর সতর্ক উচ্চারণ, ‘সুইডেনের সঙ্গে দুটি ম্যাচই কঠিন হবে। তাদের বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড আছে। দলীয়ভাবেও ওরা শক্তিশালী।’
বেন্তো যাঁকে নিয়ে ভয় পাচ্ছেন, সেই ইব্রাহিমোভিচ এগিয়ে রাখছেন প্রতিপক্ষকেই, ‘পর্তুগালই ফেবারিট। কিন্তু আমরা অসাধারণ দুটি ম্যাচ দেখতে যাচ্ছি। আমাদের ভুলগুলো কমাতে হবে। কম ভুল করা দলই বিশ্বকাপে যাবে।’
ইউক্রেনকে পেয়ে ফ্রান্স নিশ্চয়ই স্বস্তির শ্বাস ফেলেছে। কোচ দিদিয়ের দেশম মনের কথাটা অবশ্য গোপনই রাখলেন, ‘পর্তুগাল ও ক্রোয়েশিয়ার সঙ্গে আমাদের খেলা পড়তে পারত। এই দুই দলেরই দীর্ঘ ইতিহাস আছে। কিন্তু ইউক্রেন মোটেই সহজ প্রতিপক্ষ নয়। গত সাত ম্যাচ তারা অপরাজিত। গোলও বেশি খায়নি।’
গত ইউরোতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। সেটিও অনুপ্রেরণার উত্স হতে পারে দেশমের জন্য। ১৫ নভেম্বর ইউক্রেনে প্রথম লেগের খেলা। চার দিন পর নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে ফ্রান্স। এএফপি।
প্লে-অফ ড্র
পর্তুগাল-সুইডেন
ইউক্রেন-ফ্রান্স
গ্রিস-রোমানিয়া
আইসল্যান্ড-ক্রোয়েশিয়া