ইব্রাও ছাড়তে পারেন পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ বছর পর লিগ জিতেছে পিএসজি। কোথায় মন খুলে এই জয় উদ্যাপন চলবে, তা না উল্টো কোচ বদলের অনিশ্চয়তা পেয়ে বসেছে ক্লাবটিকে। কারণ গত সপ্তাহেই ক্লাব ছাড়ার ইচ্ছাটা প্রকাশ করেছেন কার্লো আনচেলত্তি!আনচেলত্তি রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, মৌসুমের শেষ দিক থেকেই চলছে এমন গুঞ্জন। ক্লাবের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে গুঞ্জনটাকে বাস্তবের জমিতেই নামিয়ে এনেছেন ইতালিয়ান কোচ। সুইডিশ সাংবাদিকদের কাছে যেমনটি বলেছেন, তাতে বোঝা যায় জ্লাতান ইব্রাহিমোভিচ ব্যাপারটা মেনে নিতে পারছেন না, ‘আমরা শুনতে পাচ্ছি কোচসহ অনেক খেলোয়াড়ই আসবে-যাবে। এমনটা শুনতে আমি ঠিক অভ্যস্ত নই। বার্সেলোনা-মিলানে স্থিতিশীলতা অনেক বেশি। সেখানে বরখাস্ত না হওয়া পর্যন্ত কোচ ক্লাব ছাড়েন না।’ পিএসজির ৩১ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি পিএসজিতে আরেকটা পূর্ণ মৌসুম পেতে চান আনচেলত্তিকে, ‘তিনিই সম্ভবত একমাত্র কোচ যিনি দলের বাকিদের সঙ্গে আমার সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করেছেন। শুধু আমি নই, সবাই এ রকমই ভাবছে।’ এএফপি, ওয়েবসাইট।ইব্রাহিমোভিচকে আনচেলত্তিই এনেছেন পিএসজিতে। এখন আনচেলত্তি যদি চলে যান, ইব্রা নিজেও পিএসজিতে থাকেন কি না, সেই প্রশ্নটি উঠে আসে স্বাভাবিকভাবেই। কিন্তু ইব্রার উত্তরটা হেঁয়ালিতে ভরা, ‘দেখা যাক। যেবারই আমি ক্লাব বদল করেছি, বলেছি আমি থাকব। যেকোনো কিছুই ঘটতে পারে, যদিও আমি থাকতেই চাই। পরিস্থিতিটা এখন যেমন, তাতে অনেক কিছুই ঘটতে পারে।’ইতালিতে ফেরার আভাসও যেন দিয়ে রাখলেন দীর্ঘদেহী স্ট্রাইকার, ‘আমি ইতালিকে মিস করি। ওটাই আমার দ্বিতীয় বাড়ি। আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি, জুভেন্টাস, ইন্টার, মিলান বিশ্বের সবচেয়ে বড়। আমি তাদের হয়ে জিতেছি। আমি জানি, ইতালিতে ফুটবলার মানে কী।’ এ পর্যন্ত ছয়টি ক্লাবে খেলে ফেলেছেন। সুতরাং আরেকবার ক্লাব বদলানোর সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য কঠিন কিছু নয়।