ইব্রার অবিশ্বাস্য গোল!
ম্যাচের তখন অতিরিক্ত সময়। ইংল্যান্ডের সঙ্গে সুইডেন এগিয়ে ছিল ৩-২ ব্যবধানে। নিজেদের অর্ধে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে যান ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট। কিন্তু হেড করে উল্টো তুলে দেন ইব্রাহিমোভিচের পায়ে। পেছনে ফিরে ইব্রা করলেন ব্যাকভলি। জো হার্ট হতভম্ব হয়ে দেখলেন, ২৫ গজ দূর থেকে করা কিকটি জড়িয়ে যাচ্ছে জালে। ম্যাচের অন্য সবকিছু আড়াল ঠেলে এই ‘পাগুলে’ গোলই এখন আলোচনার কেন্দ্রে। এই গোলের আগেই অবশ্য হ্যাটট্রিক করে ফেলেছেন সুইডিশ স্ট্রাইকার। পিছিয়ে পড়েও ম্যাচটা সুইডেন জিতেছে ৪-২ গোলে। শততম ম্যাচের মাইলফলক ছোঁয়া ম্যাচটি ইংল্যান্ড মিডফিল্ডার স্টিভেন জেরার্ডকে ভালো কোনো স্মৃতি উপহার দিল না। ম্যাচ শেষে জেরার্ড অবশ্য মেতেছেন ইব্রা-প্রশস্তিতে, ‘এটা ছিল একজন বিশ্বমানের খেলোয়াড়ের কাছ থেকে বিশ্বমানের পারফরম্যান্স। এটা ছিল আমার দেখা সেরা গোল।’ সুইডেন কোচ এরিক হামরেন ইব্রার ওই গোলে বিস্ময়-বিমুগ্ধ, ‘কখনো কখনো আপনার মনে হবে আপনি যেন ভিডিও দেখছেন। চার নম্বর গোলটা দেখলে মনে হবে বাস্তবে এটা সম্ভব নয়।’আমস্টারডামে মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি হল্যান্ড-জার্মানি। প্রীতি ম্যাচ বলে দুই দলের কোচই বেশ কিছু আনকোরা খেলোয়াড়কে ঝালিয়ে নিয়েছেন, কিন্তু ম্যাড়মেড়ে ম্যাচটা শেষমেশ গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। জোয়াকিম লো অবশ্য খুব একটা অসন্তুষ্ট নন এই ফলে, ‘আমরা অনেক খেলোয়াড়কে এই ম্যাচে পাইনি, কিন্তু আমরা নিজেদের কাঠামো ও শৃঙ্খলা ঠিক রেখেছিলাম, আমার কাছে ফলটা তাই ইতিবাচক।’নিজেদের মাঠে অবশ্য বেনজেমা, নাসরিবিহীন ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে গেছে ইতালি। এসি মিলান স্ট্রাইকার এল শারাউয়ির গোলে ইতালি প্রথম এগিয়ে গিয়েছিল। পরে ভালবুয়েনা ও গোমিসের গোলে জয় পায় দিদিয়ের দেশমের দল। দেশমের কণ্ঠে সেই স্বস্তি, ‘কয়েক দিন আগেই স্পেনের সঙ্গে ড্র করেছিলাম। এবার ইউরো ফাইনালিস্টদেরও এখানে হারালাম। এটা আসলেই বিশেষ কিছু।’ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন দুর্বল পানামাকে উড়িয়েছে ৫-১ গোলে। পেদ্রো করেছেন ২ গোল। অন্যদিকে রোনালদোবিহীন পর্তুগালকে রুখে দিয়েছে পুঁচকে গ্যাবন, ড্র করেছে ২-২ ব্যবধানে। এএফপি, রয়টার্স।