ইব্রার আলোয় উজ্জ্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্লাতান ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচ

লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি ফ্রাঙ্ক রিবেরি? এবার ফিফা-ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে এই নামগুলো।
এখন বুঝি সময় হলো আরেকজনের নাম জুড়ে দেওয়ার। জ্লাতান ইব্রাহিমোভিচ যেমন খেলছেন, কে বলতে পারে শেষ পর্যন্ত বরমাল্য তাঁর গলাতেই ওঠে কি না। দুর্দান্ত এক মৌসুমই কাটাচ্ছেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) সুইডিশ স্ট্রাইকার। পরশু যেমন করে ফেললেন দারুণ এক হ্যাটট্রিক। ম্যাচ শেষে পিএসজি কোচ লরাঁ ব্লাঁ বললেন, ‘এটা (ব্যালন ডি’অর) কি ওর প্রাপ্য? এটা আসলে মেধার কোনো প্রশ্ন নয়। আপনি জানেন এই পুরস্কারটা কীভাবে দেওয়া হয়। সে যদি মেসি, রোনালদো বা রিবেরির সঙ্গে থাকে তাহলে আমি খুবই খুশি হব।’ এএফপি, ওয়েবসাইট।
ব্লাঁর আশা পূর্ণ হবে কি না, সেটা সময়ই বলবে। তবে ফ্রান্সে গিয়ে ইব্রা সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে সোনালি সময়টাই কাটাচ্ছেন। পরশু ‘ইব্রা শো’তেই নিসকে ৩-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজি নিজেদের ধরে রাখল শীর্ষেই। ১৩ ম্যাচ শেষে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩১। দুইয়ে লিল (২৭), ফ্যালকাওয়ের মোনাকো আছে তিনে (২৬)।
মেঘে মেঘে বেলা কম হয়নি, বয়স হয়ে গেছে ৩২। কিন্তু যত দিন যাচ্ছে, ইব্রা যেন আরও বেশি ক্ষুধার্ত, আরও বেশি আগ্রাসী। গত সাত ম্যাচের পরিসংখ্যানটাই দেখুন, পিএসজির হয়ে এই সময়ে করে ফেলেছেন ১৩ গোল। গত মৌসুমেও ফ্রেঞ্চ লিগে সবচেয়ে বেশি গোল ছিল তাঁর (৩০টি)। এবার এখন পর্যন্ত এডিনসন কাভানি ও রাদামেল ফ্যালকাও (৯টি করে) সবার ওপরে। তবে ৮ গোল নিয়ে ইব্রা তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।

অবশ্য শুধু গোলসংখ্যায় ইব্রার অসাধারণত্ব বোঝানো যাবে না। যেভাবে গোল করছেন, তাতেই প্রতিনিয়ত নিজের জাত চিনিয়ে যাচ্ছেন। মাঠে যেন তাঁর শরীরী ভাষাতেই ফুটে ওঠে কথাটা, ‘আমি চাইলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই গোল করতে পারি।’ দুই সপ্তাহ আগে চ্যাম্পিয়নস লিগে আন্ডারলেখটের সঙ্গে ম্যাচেই সবচেয়ে ভালোভাবে দেখা গেছে এটা। নিখুঁত ফিনিশিং, ব্যাকহিল, বুলেট গতির শট, স্বপ্নের হ্যাটট্রিকগুলোর একটা ছিল ওটা। শেষ পর্যন্ত করেছিলেন ৪ গোল।

এ তো গেল শুধু ক্লাবের হয়ে কীর্তির ফিরিস্তি। জাতীয় দলেও ইব্রা উজ্জ্বল আপন আলোয়। সুইডেনের জার্সি গায়ে মোট গোল করেছেন ৪৬টি। এর মধ্যে গত বছর থেকেই করে ফেলেছেন ১৮টি! যার মধ্যে ছিল জার্মানির সঙ্গে ৪ গোলের সেই অতিমানবীয় কীর্তি। পর্তুগালের সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ এখনো বাকি। ইব্রা কি নিজের সেরাটা জমিয়ে রেখেছেন?