প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই শহর জানে তাঁর প্রথম সবকিছু, সুইডেনের এই শহরের আলো-বাতাসেই তাঁর বেড়ে ওঠা। মালমোতে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন, আবার ১৪ বছর পর ফিরছেন পুরোনো ক্লাবের মাঠে। ইব্রাহিমোভিচ মালমোবাসীকে একটা উপহার না দিয়ে কি পারেন? পিএসজির হয়ে কদিন আগেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলেছেন সুইডিশ ক্লাবের সঙ্গে, তবে ফিরতি লেগটা খেলতে হবে সেখানে গিয়ে। উপহারটা ঠিক করে ফেলেছেন পিএসজির সুইডিশ স্ট্রাইকার। মালমোর জনসংখ্যা তিন লাখ, অথচ স্টেডিয়ামে জায়গা হবে মাত্র ২৬ হাজার দর্শকের। ইব্রা তাই শহরের মূল চত্বরটাই ভাড়া করে ফেলেছেন! সেখানে বড় পর্দায় সরাসরি খেলা দেখার ব্যবস্থা থাকবে। ইব্রা নিজেই বলেছেন, ‘আমি চাই মালমোর সবাই ম্যাচটা দেখুক।’ মালমোবাসীর জন্য এর চেয়ে ভালো উপহার বোধ হয় আর কিছু হতে পারে না! বিবিসি।