ইব্রার একারই চার গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাই চারটি গোল করে পিএসজিকে ৫-০ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স
একাই চারটি গোল করে পিএসজিকে ৫-০ ব্যবধানের বড় জয় এনে দিয়েছেন ইব্রাহিমোভিচ। ছবি: রয়টার্স

এ মাসেই ছিল তাঁর জন্মদিন। ৩ অক্টোবর। জন্মদিনের সবচেয়ে বড় উপহারটা নিজেই নিজেকে দিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। একটু দেরিতে অবশ্য। কদিন আগে বলেছিলেন, তিনি নাকি মেসি-রোনালদোর চেয়েও সেরা। কেন, সেই দাবির সপক্ষেও প্রমাণ দিলেন এই সুইড স্ট্রাইকার। কাল রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে অ্যান্ডারলেখটের জালে ৫ গোল দিয়েছে পিএসজি। ইব্র্রা একাই করেছেন চার গোল!
১৭ মিনিটে গোল উত্সবের শুরুটা করেছিলেন ইব্রা। রীতিমতো ঝড়ের বেগে পূর্ণ করেছেন চ্যাম্পিয়নস লিগে তাঁর প্রথম হ্যাটট্রিক। ১৮ মিনিটের মধ্যেই অ্যান্ডারলেখটের জালে তিন গোল ঢুকিয়ে দিয়েছেন। ম্যাচের ২২ মিনিটে দ্বিতীয় গোলটি, হ্যাটট্রিক এসেছে ৩৬ মিনিটে। ইব্রার ক্ষুধা তখনো মেটেনি। এক ম্যাচে চার গোলের কীর্তিটা গড়েছেন ৬২ মিনিটে। এর ১০ মিনিট আগে অ্যান্ডারলেখটের জালে বল জড়িয়েছিলেন ইব্রার আক্রমণসঙ্গী এডিনসন কাভানি।
এর মধ্যে ইব্রার অন্তত দুটো গোল এই মৌসুমের ক্লাব ফুটবলের সবগুলো লিগেরই অন্যতম সেরা গোলের দাবিদার। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে একটি গোল করেছেন ইব্রা। আরেকটি গোল বক্সে দুর্দান্ত ফ্লিক করে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে ১০ গোল! ইব্রার দুর্দান্ত ফর্ম পর্তুগালকেও দিচ্ছে বিপদবার্তা। বিশ্বকাপ বাছাইয়ের প্লেঅফে এই ইব্রার দলেরই মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল।
চার গোলের মধ্যে বক্স থেকে ফ্লিক করে করা গোলটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা গোল বলে মানছেন ইব্রা নিজেও। তবে ইব্রার দাবি, এ ধরনের অনেক গোলই তিনি করেছেন, ‘আমি মনে করি এটা দুর্দান্ত একটা গোল ছিল। কারণ এ ধরনের গোল আপনি খুব বেশি করবেন না। এ কারণে এ গোলটির কথা অনেক দিন মনে থাকবে। আপনি যখন অন্যান্য খেলোয়াড়ের প্রতিক্রিয়া দেখবেন, যখন দেখবেন ভাষ্যকারেরা চিত্কার করে উঠছেন, এটা দারুণ একটা অনুভূতি এনে দেবে আপনাকে, বুঝবেন আপনি অপ্রত্যাশিত কিছু করে ফেলেছেন। এটা সম্ভবত আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সুন্দর একটি গোল। তবে আমি অনেক সুন্দর সুন্দর গোল করেছি।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জালে চার গোল ঢুকিয়েছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডফস্কি। এর আগের মৌসুমে বাসেলের বিপক্ষে চার গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের মারিও গোমেজও। ২০০৯-১০ মৌসুমে আর্সেনালের বিপক্ষে চার গোল করেছিলেন মেসি। ২০১১-১২ মৌসুমে বায়ার লেভারকুসেনের বিপক্ষে মেসি অবশ্য পাঁচ গোলও করেছিলেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা একমাত্র খেলোয়াড় মেসি। অবশ্য ইউরোপিয়ান কাপকেও হিসাবে নিলে এই কীর্তি আছে আরও কয়েকজনের।