ইব্রার গোলে সুইডেনের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পরশু রাতে গোল করেছেন প্রায় সব বড় স্ট্রাইকার। ইউরোপে কি ইব্রাহিমোভিচ বসে থাকতে পারেন? একটা নয়, জোড়া গোল করলেন সুইডিশ স্ট্রাইকার। তাঁর দুই গোলেই বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের ‘সি’ গ্রুপে সুইডেন হারাল ফারো আইল্যান্ডসকে (২-০)। এই জয় বাঁচিয়ে রাখল সুইডেনের বিশ্বকাপে খেলার আশাও। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তারা উঠে এসেছে তিন নম্বরে। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও সুইডেনের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া, চতুর্থ স্থানে আয়ারল্যান্ড। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে জার্মানি। ‘বি’ গ্রুপে রাতটা মোটেও ভালো যায়নি ডেনমার্কের। আর্মেনিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে ড্যানিশরা। ৬ ম্যাচ থেকে মাত্র ৬ পয়েন্ট পাওয়া ডেনমার্কের বিশ্বকাপের খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেল এই হারে। প্রচণ্ড হতাশ ১৩ বছর ধরে ডেনমার্ক দলকে আগলে রাখা কোচ মরটেন ওলসেন, ‘আমার ফুটবল ক্যারিয়ারে এটাই সবচেয়ে জঘন্য রাত। আমরা অবিশ্বাস্য খারাপ খেলেছি, তবে দায়টা শতভাগ আমার।’৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ইতালি। সমান ম্যাচে ১০ ও ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্র। এএফপি, রয়টার্স।