ইব্রার চোখ বিজয়মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়ান বাবা আর ক্রোয়েশিয়ান মায়ের ঘরে জন্ম। জন্মেছেন আবার সুইডেনে। ফলে তাঁর সামনে খোলা ছিল তিনটি জাতীয় দলে খেলার রাস্তাই। বাবার রক্তই বুঝি টেনেছিল। আর তাই ১৭ বছর বয়সে বসনিয়া দলের কোচের কাছে গিয়ে বলেছেন, ‘আমি জাতীয় দলে খেলতে চাই।’ গল্পটা এমন, বসনিয়ার তখনকার কোচ জেমালুদিন মুসোভিচ এই প্রস্তাবে নাকি মুখের ওপরই ‘না’ বলে দিয়েছিলেন! মুসোভিচের এই সিদ্ধান্ত নিয়ে বসনিয়ার সমর্থকেরা নিশ্চয়ই হা-হুতাশ করেছে। আর নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দিয়েছে সুইডেন। মুসোভিচের বাতিল করে দেওয়া খেলোয়াড়টিই যে আজ সুইডেনের সবচেয়ে বড় ভরসার জায়গা—জ্লাতান ইব্রাহিমোভিচ।কিন্তু তাঁর গল্পটা আরও অনেক বড় তারকার মতোই। ১৩ বছরের ক্যারিয়ারে ক্লাবের হয়ে ১৪টি বড় শিরোপা জিতেছেন। কিন্তু জাতীয় দলের ব্যাংক হিসাব একেবারেই ফাঁকা! ইব্রা নিজেও বলছেন, এবারের ইউরো ট্রফিটার বিনিময়ে তিনি সেই ১৪টি শিরোপার সব কটিই দিয়ে দিতে রাজি, ‘আমার কাছে সম্ভবত এ পর্যন্ত যা কিছু জিতেছি, তার চেয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতাই বেশি গুরুত্বপূর্ণ। নিজের দেশের হয়ে কিছু জিততে পারাটা বিশেষ কিছু। জাতীয় দলের হয়ে খেলতে পারাটাই অনেক বড় সম্মানের। এই জার্সির হয়ে কিছু জিততে পারলে, দেশে ফিরে গিয়ে সমর্থকদের সঙ্গে সেটি উদ্যাপন করতে পারলে দারুণ হবে।’সেই দারুণ ছবিটা বাস্তবতার ক্যানভাসে আঁকতে হলে ইব্রাকেই ‘দারুণ কিছু’ করে দেখাতে হবে। খুব কম দলই অধিনায়কের দিকে এতটা প্রত্যাশাভরে তাকিয়ে থাকে। ইব্রা পারলে সুইডেনও পারে, ইব্রার ব্যর্থতা মানে সুইডেনেরই ব্যর্থতা। গত বিশ্বকাপের বাছাইপর্বে ইব্রা মাত্র দুটি গোল করলেন। ২০১০ বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হলো সুইডেন। এবারের ইউরোর বাছাইপর্বে আট ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি তিনটি করালেন। সরাসরিই টিকিট পেয়ে গেল সুইডেন। ভারটা বয়ে নেওয়ার জন্য হেনরিক লারসেন আর ফ্রেড্রিক লিউনবার্গের মতো আর কেউ নেই। ইব্রার কাঁধ অনেক চওড়া, কিন্তু যথেষ্ট কি?কোনো দল যখন একজনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, সেটা ভয়েরও কারণ। প্রতিপক্ষ কোচদের জন্য হিসাবটা যেমন খুব সহজ: ইব্রাকে ঠেকাও, সুইডেন শেষ। সুইডেনের কোচ এরিক হারমেন অবশ্য বিষয়টি অন্যভাবে দেখতে ভালোবাসেন, ‘কোনো একটি বিষয়কে আপনি সব সময় দুদিক দিয়ে দেখতে পারেন: সমস্যা, নয়তো সম্ভাবনা। এটাকে আমি সম্ভাবনা হিসেবেই দেখছি। জ্লাতান হচ্ছে বিশ্বমানের সেই খেলোয়াড়, যে আমাদের জন্য অনেক সম্ভাবনা এনে দেয়। ও এমন এক খেলোয়াড়, যে ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এমন এক খেলোয়াড়, পৃথিবীর যেকোনো দলই চাইবে, সে তাদের দলে থাকুক।’‘ডি’ গ্রুপে স্বাগতিক ইউক্রেনের পাশাপাশি সুইডেনের সঙ্গী ফ্রান্স আর ইংল্যান্ড। ‘বি’ গ্রুপের মতো এটিকে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে না। তবে এই গ্রুপে লড়াইটা হবে অনেক উন্মুক্ত। যে কারও সম্ভাবনা আছে শেষ আটে নাম লেখানোর। ক্যারিয়ারে নিজের সেরা ফর্মে থাকা (ক্লাবের হয়ে এই মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ৩৫ গোল) ইব্রা সেই সম্ভাবনাতেই সওয়ার হতে চান। জাতীয় দলে অবশ্য তাঁর ভূমিকাটা ‘দশ নম্বরে’র। এখানে গোল করার চেয়ে করানোতেই বেশি মনোযোগ রাখতে হবে। ভিন্ন এই ভূমিকাতেই বেশি খুশি ৩০ বছর বয়সী, ‘অনেক বেশি বল পাচ্ছি। ওপরে খেললে (একমাত্র স্ট্রাইকার হিসেবে) বল খুব বেশি আসে না। এখানে তাই সুযোগ পাচ্ছি বলটা পায়ে নিয়ে, ঘুরে দাঁড়িয়ে গতি দিয়ে আক্রমণ করতে। আমি এটাই চাই।’বরাবরই ছাঁচাছোলা মন্তব্যে অভ্যস্ত ইব্রা প্রতিপক্ষ দলগুলোকেও একটা সতর্কবার্তা দিয়েছেন, ‘মাঠে আমরা সবার কাজটা কঠিন করে দিতেই নামব। বিজয়মঞ্চে দাঁড়ানোর জন্যই লড়াই করব। এটাই আপনার লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্যটা যদি না থাকে, এখানে খেলতে আসার কোনো মানে হয় না।’ ওয়েবসাইট।