ইউরোপে লিগ চ্যাম্পিয়ন হতে চাইলে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দলকে তারার হাট বানানোর দরকার নেই। শুধু জ্লাতান ইব্রাহিমোভিচকে দলে নিলেই শিরোপা নিশ্চিত! আট বছর ধরে তা-ই হচ্ছে ইউরোপে। যে ক্লাবেই এই সুইডিশ স্ট্রাইকার, সে ক্লাবই লিগ শিরোপা জিতছে। লিগ চ্যাম্পিয়ন না হওয়ার যাতনা কী, সেটা তো ভুলেই গেছেন। সর্বশেষ লিগ জিততে পারেননি ২০০২/০৩ মৌসুমে। তার পর থেকে এবারের এসি মিলানেরটিসহ তিনটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে জিতেছেন আটটি শিরোপা। ২০০৩-০৪ মৌসুমে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামের হয়ে লিগ জেতার পর যোগ দেন জুভেন্টাসে। সেখানে টানা দুই মৌসুমে শিরোপা জেতেন ইব্রা, যদিও পরে পাতানো খেলার দায়ে কেড়ে নেওয়া হয় জুভেন্টাসের সম্মান। পরের তিনটি সিরি ‘আ’ জেতেন ইন্টার মিলানের হয়ে। এরপর ২০০৯-এ ডাক পান বার্সার। সেখানে জেতেন টানা দুটি লা লিগা। ২০০২ সালে আয়াক্সের হয়ে প্রথম লিগ জিতেছিলেন ইব্রাহিমোভিচ।