এটা কী হলো! আবাহনী শিবিরে বিস্ময়।ড্র চেয়ে জয়। ব্রাদার্স আনন্দে আত্মহারা।পাশাপাশি দুটি ছবি কাল সন্ধ্যায় দুই রকম অনুভূতি দিল আবাহনী-ব্রাদার্সকে। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূন্য ম্যাচটা হঠাৎই নিল নাটকীয় মোড়। গোল করলেন ব্রাদাসের নাইজেরিয়ান স্ট্রাইকার ওলালেকান জশুয়া। আবাহনীর রক্ষণকে নাকানিচুবানি খাইয়ে গোলরক্ষক সোহেলের মাথার ওপর দিয়ে শটে।এ মৌসুমে এটি আবাহনীর তৃতীয় ম্যাচ এবং সব মিলিয়ে নয় ম্যাচ পর আকাশি-নীলরা হার দেখল। হারটিও এল পুরো শক্তির দল নিয়ে। ঘানাইয়ান প্লে-মেকার ইব্রাহিম, তাঁর স্বদেশি গতবারের অধিনায়ক ডিফেন্ডার সামাদ এবং নাইজেরিয়ান মিডফিল্ডার ইয়োকো কালই প্রথম খেলতে নামলেন। তাঁদের ছাড়াই আগের দুটি ম্যাচে জিতেছিল আবাহনী। কাল ব্রাজিলিয়ান স্ট্রাইকার সান্তানাও ছিলেন। চার বিদেশি নিয়েও আবাহনী জিততে পারল না। এতে পেশাদার লিগ চ্যাম্পিয়নরা মৌসুম সূচক টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, ৬ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ আটে আবাহনী পেত তুলনামূলক কম শক্তিশালী মুক্তিযোদ্ধাকে। কিন্তু এখন প্রতিপক্ষ শক্তিশালী শেখ জামাল।ব্রাদার্সকে কৃতিত্ব দিতেই হবে। বিকেলে রহমতগঞ্জ ৬-১ গোলে যশোর ডিএফএকে হারানোয় এই ম্যাচ থেকে অন্তত ১ পয়েন্ট প্রয়োজন ছিল তাদের। পুরো ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নাটকীয়ভাবে শেষ আটে গেল ৭ পয়েন্ট পাওয়া ব্রাদার্স।বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ আগের দিন ছিল কাদায় থিকথিকে। কাল রোদে মাঠ শুকিয়েছে কিছুটা। তবে কাদা পুরোপুরি যায়নি। আগের দিনের মতো বিশ্রী অবস্থা না হলেও স্বাভাবিক ফুটবল খেলা কঠিন ছিল এই মাঠেও। সেই ঠেলে ঠেলে বল নিয়ে যেতে হয়েছে সামনে।ব্রাদার্সে ছিলেন চার নাইজেরিয়ান—ফ্রান্সিস, এমেবা লাকি, জশুয়া ও স্যামসন। তাঁদের কল্যাণে কাল শুরু থেকেই আক্রমণে উঠেছে ব্রাদার্স। প্রথম মিনিট পাঁচেকের মধ্যেই আবাহনীর গোলরক্ষক সোহেলকে দুবার পরীক্ষায়ও ফেলেছে। তবে আস্তে আস্তে গুছিয়ে উঠে আবাহনীও পাল্টা আক্রমণে যায় এবং গোলের সুযোগ তৈরি করে।কিন্তু কাদায় অন্তত দুবার বল আটকে যাওয়ায় গোল পায়নি আবাহনী। মাঠ শুকনো থাকলে সান্তানার আলতো টোকাটা জালে যেতে পারত। আরেকবার ইব্রাহিমের শটও কাদায় আটকে গেছে। এই মাঠে জমিনে বল রেখে খেলা ছিল একেবারেই অসম্ভব। যতটা সম্ভব লম্বা বলই তাই খেলতে চেয়েছে দুই দল। ব্রাদার্সের গোলটাও লম্বা বল থেকেই। ম্যাচের পর আবাহনীর কোচ অমলেশ সেনের উপলব্ধি, ‘ইব্রাহিমদের ম্যাচ ফিটনেসের অভাব ছিল। তবু কাদামাঠে হারব ভাবিনি, ড্র হতে পারত।’ ব্রাদার্স কোচ লাডি বাবালোলা উচ্ছ্বসিত, ‘আমরা আবাহনীর চেয়ে ভালো খেলেছি। তারই ফল এই জয়।’এর আগে রহমতগঞ্জের বিপক্ষে ১১ মিনিটে আমিনুলের গোলে এগিয়ে যায় যশোর ডিএফএ। ৪৩ মিনিটে পেনাল্টিতে রাজীব ১-১ করার পর যশোরের প্রতিরোধ ভেঙে যায়। রিন্টু ৫৪, মিলন ৬৪ ও ৭৭, সাব্বির ৮৩, আতিক ৯২ মিনিটে গোল করলে রহমতগঞ্জ পায় বড় জয়।কোয়ার্টার ফাইনাল এক দিন পিছিয়ে কাল শুরু হবে। মাঠ শুকানোর জন্য আজ ম্যাচ রাখা হয়নি।কোয়ার্টার ফাইনাল১৬ অক্টোবরশেখ রাসেল-ফেনী সকার (৩-৩০ মি.)মোহামেডান-বিজেএমসি (৬-৩০ মি.)১৭ অক্টোবরশেখ জামাল-আবাহনী (৩-৩০ মি.)ব্রাদার্স-মুক্তিযোদ্ধা (৬-৩০ মি.)* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে