ইব্রাহিমের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইব্রাহিমের হ্যাটট্রিকের সুবাদে শেখ জামালকে ৫-৩ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে ঢাকা আবাহনী। নাটকীয় এ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত ৩০ মিনিটে আরও দুটি গোল করে চ্যাম্পিয়ন হয় আবাহনী।এ যেন আঘাত-পাল্টা আঘাত! ৩০ মিনিটে ম্যাচের প্রথম গোল করেন শেখ জামালের অধিনায়ক এনামুল। এক মিনিটের মধ্যে গোলটি শোধ করেন আবাহনীর বিদেশি খেলোয়াড় ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে শেখ জামালকে আরেকটি গোল এনে দেন এনামুল। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যেই তা শোধ করেন আবাহনীর আরেক বিদেশি খেলোয়াড় ফ্রাঙ্ক। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে ইব্রাহিমের দ্বিতীয় গোলের পর মনে হচ্ছিল শিরোপাটা আবাহনীর ঘরেই যাচ্ছে। কিন্তু কিসের কী! ছয় মিনিট পর গোলটি শোধ করে খেলায় সমতা আনেন শেখ জামালের মামুন।নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩-এ অমীমাংসিত থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। আর এখানেই নিষ্পত্তি হয় ম্যাচটির। আমিনুর গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিক গোলটি করেন আবাহনীর ইব্রাহিম।