ইব্রাহিমোভিচ জুভেন্টাসে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


জুভেন্টাসে ফিরছেন জ্লাতান ইব্রাহিমোভিচ? মৌসুমের শেষপ্রান্তে এসে বাজার গরম এই সুইডিশ স্ট্রাইকারকে নিয়ে নানামুখী গুজবে। তবে প্যারিস সেন্ট জার্মেইঁ (পিএসজি) কোচ কার্লো আনচেলত্তির কথা সত্য হলে প্যারিস ছেড়ে তাঁর কোথাও যাওয়ার কথা নয়।

আনচেলত্তির মতে, পিএসজি ইব্রাহিমোভিচকে রেখে দিতে বদ্ধপরিকর। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার আপাতত কোথাও যাচ্ছেন না।

নতুন মৌসুমে ইব্রাহিমোভিচকে দলভুক্ত করতে লড়াইয়ে নেমেছে জুভেন্টাস। এটা এখন চাউর ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে। ইব্রাকে দলে নিতে জুভেন্টাস বড় অঙ্কের অর্থ খরচ করতেও পিছপা নয়।

বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখতে চান কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘ইব্রাহিমোভিচের মতো স্ট্রাইকারকে পেতে চায় সবাই। তবে আমি মনে করি, তাঁকে রেখে দিতে সম্ভব সবকিছুই করবে পিএসজি।’

ইব্রাহিমোভিচ গত বছর এসি মিলান থেকে যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইঁয়ে। প্যারিসে এসেই তিনি হয়ে উঠেছেন পিএসজির অপরিহার্য খেলোয়াড়। এবারের ফরাসি মৌসুমে ৪৩ ম্যাচে মাঠে নেমে ইব্রাহিমোভিচের গোলসংখ্যা ৩৩। ২০১৫ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি।

চুক্তির মেয়াদে ইব্রাহিমোভিচের আরও দুটি মৌসুম পিএসজিতে থাকার কথা থাকলেও তাঁকে নিয়ে কেন দলবদলের গুজব চাউর হয়েছে, সেটা খতিয়ে দেখেছে টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টস ২৪। তাদের অনুসন্ধানের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, ইব্রাহিমোভিচের এজেন্ট মিনো রাইওলাই নাকি যেচে জুভেন্টাসকে একটি প্রস্তাব দিতে অনুরোধ করেছেন। যদিও এ ব্যাপারে নাকি রাইওলার কাছে ইব্রাহিমোভিচের তরফ থেকে কোনো নির্দেশনা ছিল না।

পিএসজি ইব্রাহিমোভিচের চেয়েও বেশি চিন্তিত আরেক স্ট্রাইকার মারকো ভেরোত্তিকে নিয়ে। ২০ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের সঙ্গে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাকি সবকিছু পাকা। এই মৌসুমেই পিএসজিতে নাম লেখানো এই তরুণ নিজের প্রতিভা দিয়েই নজর কাড়তে সক্ষম হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবের।