ইব্রাহিমোভিচও পিএসজিতে
ইতালি থেকে ফ্রান্সে চলে যাওয়ার সব আনুষ্ঠানিকতাই প্রায় সম্পন্ন সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের। কেবল আনুষ্ঠানিক ঘোষণাটিই বাকি। আজ বুধবার দিনের যেকোনো সময় সেই ঘোষণাটাও চলে আসবে। আনুষ্ঠানিকভাবে এসি মিলানের ইব্রাহিমোভিচ হয়ে যাবেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)।পিএসজি এরই মধ্যে এসি মিলানের কাছ থেকে কিনে নিয়েছে ব্রাজিলীয় মিডফিল্ডার থিয়াগো সিলভাকে। ইব্রাহিমোভিচও যে বিক্রি হয়ে যাচ্ছেন, সেটা চাউর ছিলই। এত দিন ফ্রান্সে বসে ইব্রাহিমোভিচের এজেন্ট কেবল কথাবার্তাই পাকা করেছেন। সুইডেন জাতীয় দলের এই স্ট্রাইকারের সঙ্গে পিএসজির আলোচনা যে ফলপ্রসূ, তা জানিয়েছেন ফরাসি ক্লাবটির পরিচালক লিওনার্দো। প্রায় ২৩ মিলিয়ন ইউরোয় এসি মিলানের কাছ থেকে ইব্রাহিমোভিচকে কিনে নিচ্ছে পিএসজি। ইব্রাহিমোভিচ পাচ্ছেন বছরে ১৩ মিলিয়ন ইউরো।লিওনার্দোর বরাত দিয়ে ইতালীয় ক্রীড়া দৈনিক ‘গেজেত্তা দেল্লা স্পোর্ত’ জানিয়েছে, পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চুক্তির বিষয় চূড়ান্ত হয়ে গেছে। লিওনার্দো বলেছেন, ‘ইব্রাহিমোভিচকে এখন পিএসজির খেলোয়াড় হিসেবেই অভিহিত করা যায়। আশা করি, তাঁকে দলে নিয়ে পিএসজি নতুন ইতিহাস গড়বে।’এদিকে ইব্রাহিমোভিচের এজেন্ট গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ‘চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হয়েছে। আমরা সবাই সন্তুষ্ট। ইব্রাহিমোভিচও সন্তুষ্ট।’আজ বুধবার প্যারিসে পিএসজির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে আনুষ্ঠানিকভাবে সবার সামনে হাজির করা হবে জ্লাতান ইব্রাহিমোভিচকে। ওই প্রেস ব্রিফিংয়ে পরিচালক লিওনার্দো ছাড়াও উপস্থিত থাকবেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। ওয়েবসাইট।