ইব্রাহিমোভিচের চোখে মেসি-রোনালদো
লিওনেল মেসির নিন্দুকেরা প্রায়ই একটা কথা বলেন। ও তো বাঁ পায়ের খেলোয়াড়। এ নিয়ে মেসি কোনো দিন কিছু বলেননি। তা বলার লোকও তিনি নন। তবে জ্লাতান ইব্রাহিমোভিচ আমাদের মনে করিয়ে দিলেন, কেবল এক পা ব্যবহার করেই যে খেলোয়াড় এত অবিশ্বাস্য সব কাণ্ড করছেন, দুটো পা ব্যবহার করতে পারলে না জানি কী হতো!‘মেসির আসলে ডান পা ব্যবহারের দরকারই পড়ে না। সে শুধু বাঁ পা ব্যবহার করে, আর তা দিয়েই সে বিশ্বসেরা! কল্পনা করুন, সে তার ডান পা-টিও ব্যবহার করছে...তাহলে আমরা কী সমস্যাতেই না পড়তাম।’ গতকাল চ্যাম্পিয়নস লিগে মেসির বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বলেছেন মিলানের ইব্রা।মেসি নামের স্বর্ণখণ্ডের এই খাদটুকুর প্রসঙ্গ এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা করতে গিয়ে। মেসি, নাকি রোনালদো—সেই বিতর্কে সানন্দে যোগ দিয়েছেন ইব্রাহিমোভিচ। সুইডিশ এই স্ট্রাইকারের চোখে মেসিই এগিয়ে, ‘লিও মেসির সবটুকুই নিখাদ প্রতিভা, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো আসলে অনেক বেশি প্রশিক্ষণের ফলে তৈরি এক ফুটবলার।’ মেসির বাঁ পা আর হেডের দুর্বলতা বিবেচনায় নিয়ে রোনালদোকে পরিপূর্ণ এক ফুটবলার বলে মানতে আপত্তি নেই ইব্রাহিমোভিচের। তবে প্রতিভায় মেসিই এগিয়ে আছেন বলে মনে করেন মেসির সঙ্গে বার্সায় এক মৌসুম খেলে যাওয়া ইব্রা। ওয়েবসাইট।