ইব্রাহিমোভিচের হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে এসে গোল করেই চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফর্মের তুঙ্গে থাকা সুইডিশ স্ট্রাইকার পরশু করে ফেললেন ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজের প্রথম হ্যাটট্রিকই। তাঁর দল প্যারিস সেন্ট জার্মেইও (পিএসজি) ভ্যালাঁসিয়েনকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। গত মাসেও ধুঁকছিল পিএসজি, কিন্তু এ মাসে নিজেদের ফিরে পাওয়া দলটি এই সপ্তাহে সব মিলিয়ে পেল তৃতীয় জয়। পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে আসা আনচেলত্তির দলের পয়েন্ট ৩২, ১৭ ম্যাচে। তাদের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে অলিম্পিক লিঁও।আগামী রোববার শীর্ষ থাকা লিঁওর বিপক্ষেই পিএসজির ম্যাচ। ওই ম্যাচের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত! শুরুটা দারুণভাবেই করেছিল মৌসুমে নিজেদের মাঠে অপরাজিত থাকা ভ্যালাঁসিয়েন। কিন্তু ২৮ মিনিটে পিএসজিকেই এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। এরপর ৪৯ ও ৫৩ মিনিটে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এ নিয়ে মৌসুমে ছয় ম্যাচে দুই বা তাঁর বেশি গোল করলেন পিএসজি অধিনায়ক। এই হ্যাটট্রিকে লিগে ১৪ ম্যাচেই তাঁর গোল হয়ে গেল সর্বোচ্চ ১৭টি। অন্য গোলটি করেছেন আর্জেন্টাইন এজেকুয়েল লাভেজ্জি।দলের পারফরম্যান্সে পিএসজির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি উচ্ছ্বসিত। দিনের অন্য ম্যাচে নিস ১-০ গোলে জিতেছে নয়জনের দল হয়ে পড়া রেনের বিপক্ষে। তুলুসের বিপক্ষে লিল জিতেছে ২-০ গোলে। এএফপি।