ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে উজ্জ্বল রাত
কাগজে-কলমেই যা একটু ফাঁক থেকে গেল। নয়তো ২০১২ ইউক্রেন-পোল্যান্ড ইউরো চ্যাম্পিয়নশিপ যাত্রা নিশ্চিতই জার্মানির। ইউরো বাছাইয়ে শতভাগ জয়যাত্রা বজায় রেখে পরশু জোয়াকিম লোর জার্মানি আজারবাইজানকে হারিয়েছে ৩-১ গোলে। জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকের কল্যাণে সুইডেন ৫-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ডকে। ‘ই’ গ্রুপে হাঙ্গেরি সান মারিনোকে হারিয়েছে ৩-০ গোলে।চমক দেখিয়েছে ইউরোপের ‘পুঁচকে’ ফারো দ্বীপপুঞ্জ। ‘সি’ গ্রুপের ম্যাচে এস্তোনিয়াকে ২-০ গোলে হারিয়ে এবারের ইউরো বাছাইয়ে প্রথম জয় পেয়েছে তারা। পরশু আজারবাইজানের রাজধানী বাকুর ম্যাচ জিতে সাত ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া জার্মানির পয়েন্ট সর্বোচ্চ ২১। ‘এ’ গ্রুপ থেকে ইউক্রেন-পোল্যান্ডের চূড়ান্ত পর্বের টিকিট পাওয়ার পথে জার্মানির একটু শঙ্কার দেয়াল তুরস্ক। ৬ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বেলজিয়াম।তুরস্ক বাকি ৪ ম্যাচের চারটিতেই জিতলে এবং জার্মানি বাকি ৩ ম্যাচেই হারলে তুরস্কের পয়েন্ট হবে ২২। জার্মানিকে তখন খেলতে হবে প্লে-অফ। জার্মানির মতোই দুর্দান্ত ফর্মে আছেন মারিও গোমেজ। ক্লাবের ফর্মটা জাতীয় দলেও টেনে এনেছেন বায়ার্ন মিউনিখের ২৫ বছর বয়সী স্ট্রাইকার।বায়ার্নের হয়ে মৌসুমে ৪৫ ম্যাচে ৩৯ গোল করা গোমেজ গোল করেছেন এদিনও। এই নিয়ে জাতীয় দলে সর্বশেষ ৩ ম্যাচে ৪ গোল করলেন। গোমেজ ছাড়াও গোল করেছেন মেসুত ওজিল ও শুয়ারেল।জার্মানির এই শতভাগ সাফল্যের একটা রহস্য হতে পারেন কোচ জোয়াকিম লো। আরেকটা রহস্য অবশ্যই তারুণ্য। পরশু যে দলটি নামিয়েছিলেন লো, তাতে ২৭ বছর বয়সী অধিনায়ক ফিলিপ লামই সবচেয়ে সিনিয়র! ম্যাচ শেষে লাম তাই বলেছেন, ‘এটা বিশ্বাস করা কঠিন, ২৭-এ দাঁড়ানো আমিই দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। তবে এতেই প্রমাণিত দলে তরুণ প্রতিভাবানদের গভীরতা কেমন।’লো কোচ হওয়ার পর থেকেই জার্মানি দলে তারুণ্যের জয়গান। তাতে তিনি সফলও। জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে ৬৮ ম্যাচে এটি তাঁর ৪৭তম জয়। নিষেধাজ্ঞার কারণে ক্লাব এসি মিলানের হয়ে লিগের শেষ দিকের ম্যাচগুলো খেলতে না পারলেও জাতীয় দলে ফিরেই জাদু দেখালেন ইব্রাহিমোভিচ। সুইডেন পেল আশা-জাগানিয়া জয়। দুর্বল ফিনল্যান্ডের বিপক্ষে গোল তিনটি করেছেন তিনি ৩১, ৩৫ ও ৫৩ মিনিটে। দলের বাকি গোল দুটি ক্যালস্ট্রোম ও বাইরামির। এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে দুই নম্বরে সুইডেন। সমান ম্যাচে শীর্ষে থাকা হল্যান্ডের পয়েন্ট ১৮, ৭ ম্যাচে ১২ নিয়ে তিনে হাঙ্গেরি। এএফপি, রয়টার্স।