ইভরার অভিযোগে মর্মাহত সুয়ারেজ
লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ এনেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিক ইভরা। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই প্রধান দলের উত্তেজনাপূর্ণ খেলায় সুয়ারেজ, ইভরাকে উদ্দেশ করে অনেকবার বর্ণবাদী মন্তব্য করেছিলেন বলে দাবি ম্যানইউয়ের ফরাসি ডিফেন্ডার ইভরার। তবে এ অভিযোগ একেবারেই মেনে নিতে পারছেন না সুয়ারেজ। বরং এ অভিযোগের ফলে খুবই মর্মাহত হয়েছেন বলে জানিয়েছেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। এ ঘটনায় এরই মধ্যে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।গতকাল নিজের ফেসবুক পেজে সুয়ারেজ লিখেছেন, ‘বর্ণবাদী আচরণের যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তাতে আমি খুবই মর্মাহত। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি সব সময়ই সবাইকে খুব শ্রদ্ধার সঙ্গে দেখি। আমরা সবাই সমান। আমি মাঠে যাওয়ার পর শুধু খেলাটাই উপভোগ করার চেষ্টা করি। কখনোই কারও সঙ্গে দ্বন্দ্ব তৈরি করতে চাই না।’সুয়ারেজ ঠিক কী ধরনের বর্ণবাদী মন্তব্য করেছিলেন, তা এখনো পরিষ্কার করে বলেননি প্যাট্রিক ইভরা। তবে অপমানসূচক বর্ণবাদী কিছু কথা সুয়ারেজ বেশ কয়েকবার তাঁকে উদ্দেশ করে বলেছেন বলে দাবি এই ফরাসি ডিফেন্ডারের। ওয়েবসাইট।