ইভানভেরও বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের মতো মৃত্যুকেও যেন ভাগাভাগি করে নিলেন তাঁরা! ১৯৬২ বিশ্বকাপে সমান ৪টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ভাগাভাগি করেছিলেন ছয়জন। এঁদের একজন হাঙ্গেরির ফ্লোরিয়ান আলবার্ট মারা গেছেন গত সপ্তাহে। গত শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার দুই দিন পর মঙ্গলবার লোকান্তরিত হলেন আরেকজন, সাবেক সোভিয়েত ইউনিয়নের স্ট্রাইকার ভ্যালেন্টাইন ইভানভ।দীর্ঘদিন আলঝেইমার রোগে ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ইভানভ (৭৬)। ১৯৫৮ বিশ্বকাপেও দুই গোল করেছিলেন। যুগোস্লাভিয়াকে ১-০ গোলে হারিয়ে সোভিয়েত ইউনিয়নকে ১৯৫৬ অলিম্পিকের সোনা জিতিয়েছিলেন। ১৯৬০ সোভিয়েত ইউনিয়নের ইউরো চ্যাম্পিয়ন এবং ১৯৬৪ ইউরো রানার্সআপ দলেরও সদস্য ছিলেন । ৬০ ম্যাচ খেলে করেছিলেন দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২৬ গোল। ক্লাব ক্যারিয়ারটাও ছিল বর্ণাঢ্য। মস্কোভিত্তিক ক্লাব টর্পেডো মস্কোকে দুবার জিতিয়েছেন লিগ শিরোপা, একবার সোভিয়েত কাপ। ইভানভের ১২৪ গোল এখনো ক্লাবের পক্ষে সর্বোচ্চ। অবসরের পর কিছুদিন নিজের ক্লাব টর্পেডো মস্কোর কোচও হয়েছিলেন ইভানভ।১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকে পরিচয় সূত্রে বিয়ে করেছিলেন পরের রোম অলিম্পিকেও সোনাজয়ী জিমন্যাস্ট লিদিয়া কালিনিনাকে। তাঁদের ছেলে ভ্যালেন্টাইন ইভানভ জুনিয়র ২০০৬ বিশ্বকাপে রেফারি ছিলেন। ওয়েবসাইট। আলবার্টের পর ইভানভের বিদায়ে নিঃসঙ্গ এখন লিওনেল সানচেজ। ১৯৬২ বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্মৃতি বয়ে বেড়াতে একমাত্র জীবিত এই চিলিয়ানই। ছয়জনের বাকি তিনজন ব্রাজিলের গ্যারিঞ্চা ও ভাভা এবং যুগোস্লাভিয়ার দ্রাজেন জার্কোভিচ আগেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।