ইভানোভিচের সেরেনা-বধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন, এটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না আনা ইভানোভিচ। কাল  অস্ট্রেলিয়ান ওপেনে । এএফপি
সেরেনা উইলিয়ামসকে হারিয়েছেন, এটা যেন বিশ্বাসই করতে পারছিলেন না আনা ইভানোভিচ। কাল অস্ট্রেলিয়ান ওপেনে । এএফপি

অস্ট্রেলিয়া ওপেন শুরু হয়নি তখনো। মেলবোর্নের আকাশে-বাতাসে ‘সেরেনা, সেরেনা’ ধ্বনি। পারলে টুর্নামেন্টের আগেই সবাই ট্রফি তুলে দেয় সেরেনা উইলিয়ামসের হাতে! এ বছরই ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জিতবেন, এমন বাজি ধরে ফেলা লোকের সংখ্যাও কম ছিল না। টানা ২৫ ম্যাচ জিতেছেন মহিলাদের এক নম্বর খেলোয়াড়। সবচেয়ে বড় কথা, সেরেনাকে থামানোর মতো খেলা তো কাউকে খেলতে হবে!
তখন আনা ইভানোভিচের কথা বললে হয়তো হেসেই উড়িয়ে দিতেন সবাই। যেটা কেউ ভাবেনি হয়েছে সেটাই। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড থেকে সেরেনাকে বিদায় করে দিয়েছেন ইভানোভিচ। অথচ সেরেনার সঙ্গে টানা চারটি গেমও জেতেননি আগে। সেই ইভানোভিচই কাল সেরেনাকে হারিয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৩ গেমে।
নাড়ি পোঁতা সার্বিয়ায়। তবে মেলবোর্নে ইভানোভিচের পক্ষে গলা ফাটানোর মানুষ অনেকই ছিল। পরিবারসহ পাকাপাকিভাবে এখানেই আবাস গেড়েছেন ইভানোভিচ। অস্ট্রেলিয়ানরা তো আদর করে আঁকে ‘অসি আনা’ বলেই ডাকে!
সেই সমর্থনেই কি না কাল দেখা গেল অন্য ইভানোভিচকে। প্রথম সেটটা অবশ্য সেরেনাই জেতেন। কিন্তু এরপরই হঠাৎ ছন্দ হারিয়ে ফেলেন। নড়াচড়া মন্থর, একের পর এক ভুল আর সেটির সুবিধা পুরোপুরি নেন ইভানোভিচ। পরের দুই সেটে তাই তেমন পাত্তাই পাননি সেরেনা!
২০০৮ ফ্রেঞ্চ ওপেন জিতে সাড়া ফেলে দিয়েছিলেন। এর পর থেকেই যেন উল্টোরথে চলতে শুরু করল ক্যারিয়ার। পরে কোনো গ্র্যান্ড স্লাম জেতা দূরে থাক, কোয়ার্টার ফাইনালেই উঠেছিলেন মাত্র একবার! নতুন কোচ নেমানিয়া কন্তিচকে পেয়েই আবার র্যাকেটটা হাসতে শুরু করে। অকল্যান্ড টুর্নামেন্ট জিতে সেটার আভাসও দিয়েছিলেন। তাই বলে সেরেনাকে হারানো? ইভানোভিচ নিজেও কি ভেবেছিলেন? ২৬ বছর বয়সী সার্বিয়ান বলেছেন, ‘আমি আসলে বিশ্বাস করেছিলাম, আমি পারব। আমি পুরো ম্যাচেই ওকে বেশ চাপের মধ্যে রেখেছিলাম।’
কিন্তু সেরেনার হঠাৎ এমন ছন্নছাড়া দশা কেন? ম্যাচ শেষে জানিয়েছেন পিঠের ব্যথা বেশ কয়েক দিন ধরেই ভোগাচ্ছিল। এমনকি তৃতীয় রাউন্ডের ম্যাচের আগেই নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাননি ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক, ‘আমার মনে হয় আনা আসলেই দারুণ খেলেছে। জেতার জন্য যা দরকার সবই সে করেছে।’
কোয়ার্টার ফাইনালে ইভানোভিচের প্রতিপক্ষ কানাডার ইউজিনি বুশার। শেষ আটের আরেক ম্যাচে মুখোমুখি চীনের লি না ও ইতালির ফ্লাভিয়া পেনেত্তা।
পুরুষ এককে ইতালির ফ্যাবিও ফনিনিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন গত তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শেষ আটে চলে গেছেন তিন নম্বর খেলোয়াড় ডেভিড ফেরারও, তাঁর প্রতিপক্ষ সপ্তম বাছাই টমাস বার্ডিচ। এএফপি।