ইমদাদুলকে হারিয়ে দিয়েছেন সজীব
পরশু শেষ হওয়া চতুর্থ জাতীয় আর্চারি প্রতিযোগিতা থেকে ২৪ জন খেলোয়াড় বাছাই করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। এর মধ্যে ১৬ জনই নতুন। পুরুষ ও মহিলা বিভাগে আটজন করে নতুন খেলোয়াড় বাছাই করা হয়েছে দীর্ঘ মেয়াদে অনুশীলনের জন্য।এবারের জাতীয় আর্চারি নতুন প্রতিভার সন্ধান দিয়েছে। তাঁদেরই একজন সজীব হোসেন। গত বছর ইন্দোনেশিয়ার যুব অলিম্পিকের বাছাইয়ের সোনাজয়ী ইমদাদুল হককে (মিলন) রিকার্ভ বো ইভেন্টে হারিয়ে দিয়েছেন বিকেএসপির এই তরুণ। বাংলাদেশের আর্চারির অন্যতম সংগঠক ফারুক ঢালী বললেন, ‘নতুন অনেক খেলোয়াড় ভালো করেছে। অনেকে পদকও জিতেছে। তবে এবারের প্রতিযোগিতার সেরা আবিষ্কার সজীব।’আর্চারিতে এখন ভালো করা খেলোয়াড়দের চাকরি দিচ্ছে বাংলাদেশ আনসার। তাই জাতীয় আর্চারিতে আনসারেরই থাকল প্রাধান্য। মোট ২২টি সোনার ১৩টি আনসারের। বাকি নয়টি সোনা বিকেএসপির। নতুন দলগুলোর মধ্যে মেরিনার ইয়াং ক্লাব একটি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছে।আর্মি স্টেডিয়ামে পরশু প্রতিযোগিতার শেষ দিনে ব্যাম্বো বো ইভেন্টের মিক্সড মিটে আনসার চ্যাম্পিয়ন হয়েছে। রিকার্ভ বো ইভেন্টের মিক্সড মিটেও আনসার সেরা। দলীয় ব্যাম্বো বো ইভেন্টের পুরুষ ও মহিলা বিভাগের দুটি সোনাই বিকেএসপির। রিকার্ভ বো পুরুষ ও মহিলা বিভাগের শ্রেষ্ঠত্ব আনসারের। কম্পাউন্ড বো ইভেন্টের পুরুষ বিভাগে আবুল কাশেম (মামুন), রিকার্ভ বো ইভেন্টের মহিলা বিভাগে আনসারের মাথুই প্রু মারমা সোনা জিতেছেন।