ইমরান খানের ফেবারিট ধোনির ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট নিয়ে ইদানীং খুব একটা কথা বলেন না ইমরান খান। ’৯২-এর বিশ্বকাপ জয়ে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক ও সমাজসেবক হয়ে যাওয়া ইমরানের ক্রিকেট-সম্পর্কিত মন্তব্য তাই সংবাদমাধ্যমের কাছে বহু প্রার্থিত ও আকর্ষণীয়। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এ ক্রিকেট গ্রেট গতকাল হাজির হয়েছিলেন মুম্বাইয়ে একটি বহুজাতিক মোবাইল ফোন কোম্পানির আয়োজনে বিশ্বকাপ জয়ী অধিনায়কদের পুনর্মিলনীতে। সেখানে ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বোর্ডার, অর্জুনা রানাতুঙ্গা ও স্টিভ ওয়াহর পাশাপাশি ইমরান খানও হাজির ছিলেন অনুষ্ঠানটিকে আলোকিত করে। সেখানে বসেই তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ভারতই তাঁর চোখে হট ফেবারিট দল।ভারতকে বিশ্বকাপের ফেবারিট বললেও ইমরান বিশ্বকাপের এবারের আসরকে ইতিহাসের সবচেয়ে অনিশ্চয়তায় ভরা আসর হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, বিশ্বকাপে এমন ছয়টি দল রয়েছে, যারা প্রত্যেকেই কাপ জিততে পারে, প্রত্যেকেই প্রত্যেককে নির্দিষ্ট দিনে হারিয়ে দিতে পারে।তবে, এ দলগুলোর মধ্যে ভারতকেই এগিয়ে রাখতে চান ইমরান খান। তিনি মনে করেন, লাইনআপ, ব্যাটিং, বোলিং ইত্যাদি মিলিয়ে ভারত এ দলগুলোর মধ্যে এগিয়ে রয়েছে। ভারতের ব্যাটিংকে বিশ্বকাপ জয়ের অন্যতম অনুষঙ্গ হিসেবে মনে করেন ইমরান খান। ইমরানের মতে, ‘এ মুহূর্তে ভারতের ফর্ম এবং নিজ মাটিতে খেলার সুবিধাই তাদের অন্য দলগুলোর চেয়ে এগিয়ে রেখেছে।’বিশ্বকাপে স্পিনাররা খেলাগুলোর ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করেন ইমরান খান। তিনি বলেন, ওয়ানডে ক্রিকেটে কোনো দলে পেসারের স্বল্পতা থাকলেও তা পুষিয়ে নেওয়া যায় কেবল ভালো মানের স্পিনারদের দিয়ে। অনেকে ভারতকে স্পিন-নির্ভর দল হিসেবে অভিহিত করলেও কন্ডিশনের বিচারে দল ঠিকই আছে বলে মনে করেন ইমরান। তিনি বলেন, উপমহাদেশীয় কন্ডিশনে পেসারদের চেয়ে স্পিনাররা বেশি কার্যকর হতে পারে। বিশ্বকাপ জয়ে নিজের অভিজ্ঞতা সম্পর্কে ইমরান খান বলেন, ‘১৯৯২ সালের বিশ্বকাপে আমার খেলার কথা ছিল না। এর আগেই আমি অবসরে চলে যেতে উদ্যোগী হয়েছিলাম। কিন্তু, ভাবলাম বিশ্বকাপ খেলে তা জিতলে সেটা আমার ক্যানসার হাসপাতালে দারুণভাবে কাজে লাগবে। বিশ্বকাপ জয়ের পরেও আমি ক্যানসার হাসপাতাল নিয়েই বেশি কথা বলেছিলাম। আজ এত বছর পর ভাবি, সত্যিই দারুণ একটা ব্যাপার ঘটিয়েছিলাম আমরা।’নিজ দেশকে বিশ্বকাপের ফেবারিট মানতে বাধছে ইমরানের। তাঁর মতে, ‘পাকিস্তান বিশ্বকাপ জেতার মতো দল নয়। তার পরেও তারা যদি ডার্ক হর্স হয়ে উঠতে পারে, তাহলে আমার চেয়ে খুশি আর কে হবে বলুন!’ টাইমস নিউজ নেটওয়ার্ক।