ইমরান খানের বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান খান ও রেহাম খান
ইমরান খান ও রেহাম খান

৬২ বছর বয়সে আবার বিয়ে করেছেন ইমরান খান! কনে রেহাম খান, বয়স ৪১ বছর। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের এই বিয়ে-সংক্রান্ত খবরটি দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।
রেহাম খান টিভি উপস্থাপিকা। একসময় বিবিসিতে আবহাওয়ার খবর পড়তেন। বর্তমানে পাকিস্তানি এক টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত। রেহাম তিন সন্তানের মা। ইমরানের মতো বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁরও। গত রোববার গোপনে তাঁদের বিয়েটা হয়েছে বলে দাবি ডেইলি মেইল-এর।
ইমরানের বিয়ের খবরটা চমক হিসেবে এলেও দুজনের সম্পর্কটা নাকি অনেক পুরোনো। গত অক্টোবরে ইমরানের আগের স্ত্রী জেমাইমা খান জানিয়েছিলেন, ইমরান আবার বিয়ে করতে যাচ্ছেন। তাই তাঁর নামের সঙ্গে ‘খান’ পদবি তুলে দিয়ে জেমাইমা খান হয়ে যান জেমাইমা গোল্ডস্মিথ। তবে এই বিয়ে নিয়ে বিভ্রান্তি আছে। কেউ বলছেন বিয়েটা হয়েই গেছে, কেউ বলছেন হয়নি। পাকিস্তানের পরিচিত সংবাদপাঠক ফারহাত জাভেদ রাবানি গত ২৭ ডিসেম্বর টুইট করে জানিয়েছিলেন, ‘এক টিভি উপস্থাপক আজ বিয়ে করতে যাচ্ছেন এক রাজনীতিবিদকে।’ পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ধারাভাষ্যকার শহীদ মাসুদের সঙ্গে ভালো সম্পর্ক ইমরানের। পাকিস্তানি এক টিভি চ্যানেলকে তিনি বলেছেন, ‘বিয়ের খবরটি ইমরান নিশ্চিতও করেননি, আবার অস্বীকারও করেননি।’
তবে খবরের সত্যতা উড়িয়ে দিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। মেইল অনলাইন, পাকিস্তান।