ইমরান খানের বিয়ে?

১৯৯৫ সালে জেমাইমা গোল্ডস্মিথের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ইমরান খান। তখনই তাঁর বয়স ছিল ৪২। দারুণ ঢাকঢোলের সেই বিয়ে টিকেছিল মাত্র নয় বছর। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার অজুহাতে ইমরান ইতি টেনেছিলেন বৈবাহিক জীবনের। দুই ছেলেকে নিয়ে জেমাইমা সবকিছু চুকে-বুকে দিয়ে চলে যান লন্ডন। এর পর থেকেই দুজনের দুটি পথ দুই দিকে।
জেমাইমাকে অবশ্য নতুন সঙ্গী খুঁজে পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একে একে সম্পর্কে জড়িয়েছেন ‘নটিং হিল’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ও প্রযোজক হিউ গ্র্যান্ট এবং ব্রিটিশ কৌতুকশিল্পী, অভিনেতা ও লেখক রাসেল ব্র্যান্ডের সঙ্গে। কিন্তু ৬১ বছর বয়সী ইমরানের হূদয়টা যে খালি পড়ে আছে এখনো।
এখন আর ক্রিকেটার পরিচয় নেই। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন পুরোদস্তুর রাজনীতিক। রক্ষণশীল পাকিস্তানে প্রায়ই সেজন্য তাঁকে কথা শুনতে হয় বিভিন্ন মহল থেকে। ভোটের রাজনীতিতেও নাকি ইমরানের এই ‘ব্যাচেলর’ পরিচয়টি সমস্যার সৃষ্টি করে। তাই তাঁর একটা বিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন তাঁরই পরিবারের সদস্যরা। বিশেষ করে ইমরানের বোন নাকি খুব তত্পরতা চালাচ্ছেন ভাইয়ের বিয়ে দিতে। পারিবারিক সূত্রে জানা যায়, এরই মধ্যে তাঁর জন্য এক কনেও দেখা হয়ে গেছে। তাহলে কি শিগগির বিয়ে করছেন ইমরান? এ ব্যাপারে তাঁর কোনো বক্তব্য অবশ্য জানা যায়নি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।