ইমরানই ‘ধ্বংস’ করেছেন পাকিস্তানের ক্রিকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতায় তোলপাড় পাকিস্তান ক্রিকেটে। সাবেক ক্রিকেটাররা একজোট হয়ে সমালোচনার বিষাক্ত তিরে বিঁধছেন গোটা দলকে। সমালোচনার তোড়ে যেন পিঠ বাঁচানোই দায় মিসবাহ-উল হকের দলের। কিন্তু এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাবেক অধিনায়ক আমির সোহেল। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অবস্থার জন্য তিনি দুম করে দায়ী করে বসলেন ক্রিকেট ছেড়ে পুরোদস্তুর রাজনীতিক বনে যাওয়া ইমরান খানকে। সোহেল সরাসরিই বলেছেন, পাকিস্তান ক্রিকেটের বর্তমান বেহাল দশার জন্য ইমরানই দায়ী!সোহেলের ভাষ্য অবাক করে দেওয়ার মতোই। ইমরান ক্রিকেট ছেড়েছেন ২১ বছর আগে। ক্রিকেট ছেড়েই রাজনীতির জগতে ব্যস্ত হয়ে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থাপনার সঙ্গেও সম্পর্কহীন ওই সময় থেকেই। বাইরে থেকে টুকটাক ক্রিকেট নিয়ে কথা বললেও পাকিস্তান ক্রিকেট প্রশাসনের সঙ্গে কখনোই জড়াননি। সবচেয়ে বড় কথা, যে মানুষটি সব সময়ই পাকিস্তান ক্রিকেটের অব্যবস্থাপনার কট্টর সমালোচক, তিনি কীভাবে দেশটির ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য দায়ী হতে পারেন! এর ব্যাখ্যা দিয়েছেন সোহেল নিজেই। বলেছেন, ইমরানের শিখিয়ে যাওয়া বল টেম্পারিংয়ের ‘অপকৌশলটি’ নাকি পাকিস্তান ক্রিকেটের ক্ষতিটার চিরস্থায়ী রূপ দিয়েছে।সোহেল বলেছেন, ‘এই ইমরান খানই পাকিস্তানি বোলারদের বল টেম্পারিংয়ের ব্যাপারে উত্সাহিত করেছেন অতীতে। তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করে গেছেন, যার কারণে আমরা এখন আর নতুন বলে ভালো মানের বোলার তৈরি করতে পারছি না। দেশে নতুন বলের ভালো বোলার তৈরি না হওয়ার কারণে ভালো ওপেনিং ব্যাটসম্যানও তৈরি হচ্ছেন না। ব্যাপারটি আমাদের ক্রিকেটের চিরস্থায়ী ক্ষতি করে গেছে।’সোহেল কথাগুলো বলেছেন পাকিস্তানের একটি টেলিভিশন টক শোতে। ওই অনুষ্ঠানে সোহেলের সঙ্গে উপস্থিত ছিলেন আরও দুই সাবেক অধিনায়ক—জহির আব্বাস ও ইউনুস খান। ইমরান খানকে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থার জন্য দায়ী করে সোহেল অবাক করেন সাবেক দুই অধিনায়ককেও।পাকিস্তানের হয়ে ৪৭টি টেস্ট ও ১৫৬টি একদিনের ম্যাচ খেলা ৪৬ বছর বয়সী আমির সোহেল ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ইমরান খানের অধিনায়কত্বের সময়ই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানের। সূত্র: জি নিউজ।