ইমরানও বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্মিতদের দলে এবার ইমরান খানও। আইসিসি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় সাঈদ আজমলকে না দেখে বিস্ময়ের শেষ নেই পাকিস্তানের সাবেক অধিনায়কের। আরও দুই সাবেক অধিনায়ক রমিজ রাজা ও ওয়াকার ইউনুস তো ‘অন্যায়ের’ প্রতিবাদ করেই যাচ্ছেন। প্রশ্ন তুলেছেন নির্বাচনপদ্ধতি নিয়েও।বিবেচনাধীন সময়ে তিন সংস্করণ মিলিয়ে এক শ উইকেট নেওয়া (১২০) একমাত্র বোলার আজমল, সবচেয়ে বেশি টেস্ট উইকেটও (৭২) নিয়েছেন। ইংল্যান্ডকে ধবলধোলাই করা সিরিজে নিয়েছিলেন ২৪ উইকেট। কিন্তু বর্ষসেরা ক্রিকেটার বা বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—কোনো ক্যাটাগরিতেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি আজমল।ইমরান তাঁর বিস্ময়ের কথা জানিয়েছেন ডেইলি টাইমসকে, ‘তিন সংস্করণেই ম্যাচ উইনার একজন বোলারের এই তালিকায় না থাকাটা অন্যায্য। ওর বাদ পড়াটা খুবই বিস্ময়কর।’ আজমল বাদ পড়ায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছিল পিসিবি। তবে লাভ হয়নি তাতে, বিচারকদের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে দিয়েছে আইসিসি। এখন ১৫ সেপ্টেম্বর কলম্বোয় অনুষ্ঠেয় পুরস্কার রজনী বর্জনের কথাও ভাবছে পিসিবি।ধারাভাষ্য, কলাম, সাক্ষাৎকারে আজমলের না থাকা নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছেন রমিজ-ওয়াকার। রমিজ এবার প্রশ্ন তুললেন পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়েই, ‘আমার মতে জুরিরা আজমলকে বঞ্চিত করেছেন। পারফরমারদেরই যদি না রাখা হয় তাহলে অ্যাওয়ার্ডের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে। নির্বাচনপদ্ধতির পর্যালোচনা তাই জরুরি ভিত্তিতে প্রয়োজন। আইসিসির পুরস্কার জয় যেকোনো ক্রিকেটারের জন্য বড় সম্মান, আজমলের না থাকাটা তাই শুধু পাকিস্তান নয় পুরো ক্রিকেট-সমাজের জন্যই বেদনাদায়ক।’সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকেট সাংবাদিকদের সমন্বয়ে ৩২ জন জুরির দল সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করে। পদ্ধতিটি নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকারও, ‘আমি বুঝতে পারছি না এই প্রক্রিয়া কীভাবে কাজ করে, কারণ ৩২ জন একটু বেশি-ই বেশি। পারফরম্যান্সই যদি বিবেচ্য হয়, আজমলের তো সবার আগে ওখানে থাকার কথা!’ ওয়েবসাইট।