ইমরানের ‘স্লিপিং পিল’ পরামর্শ!
মোহালিতে ভারত ও পাকিস্তানের সেমির অপেক্ষায় এখন গোটা উপমহাদেশ। দর্শক-সমর্থকদের কথা বাদ দিন, দুই দেশের সাবেক ক্রিকেটাররাও এই ম্যাচের উত্তেজনা থেকে নিজেদের দূরে রাখতে পারছেন না। মাঠে খেলতে নামতে হয়তো পারছেন না, কিন্তু নানা ধরনের মন্তব্য, বিচার-বিশ্লেষণের মাধ্যমে এই ম্যাচের উত্তেজনাকে নিয়ে যাচ্ছেন অন্য মাত্রায়। নিজের অভিজ্ঞতা থেকেই ১৯৯২-এর বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান মনে করেন, এই ম্যাচে ফেবারিট হওয়াটাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। সেই সঙ্গে দর্শকের চাপ, ভারত-পাকিস্তান লড়াইয়ের স্নায়ু ক্ষয়ী ব্যাপার-স্যাপারগুলো বিচার করে ভারতীয় দল মোহালিতে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে।রসিকতা করেই তিনি বলেছেন, ‘এই ম্যাচে মাঠে ভারতীয় দলের ওপর ভালোই ধকল যাবে। ম্যাচের আগের রাতেও তারা ঠিকমতো ঘুমাতে পারবে কি না সন্দেহ। আমার মনে হয়, ভারতীয় দলের জন্য খুব কড়া ধরনের ঘুমের ওষুধের ব্যবস্থা করা উচিত।’ গতকাল ভারতে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।ইমরান খান মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচে কিছু অদ্ভুত ব্যাপার রয়েছে। এই ম্যাচে অনেক সময় দারুণ প্রতিভাবানেরা নিজেদের সেরাটা মেলে ধরতে পারে না। কিন্তু অনেক কম প্রতিভাবানই নিজেদের ছাড়িয়ে গিয়ে বাজিমাত করে দিতে পারে। মোহালিতে মঙ্গলবার এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।ইমরান খান আরও বলেন, বিশ্বকাপের চেয়ে বড় চাপ আর কিছুই হতে পারে না। বিশেষ করে এটি যখন সেমিফাইনাল বা ফাইনালের পর্যায়ে চলে আসে। মোহালির ম্যাচে পাকিস্তানও সন্দেহাতীতভাবে চাপে থাকবে। তবে ভারতের চাপটা অন্য রকম। একে তো ফেবারিট হিসেবে খেলা, তার ওপর নিজেদের দেশের মাটিতে গগনবিদারী চিত্কারে মেতে থাকা দর্শকদের সামনে খেলাটাও তাদের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াতে পারে।ইমরান খান বলেন, ‘ভারত এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সব দিক দিয়েই ফেবারিট। মঙ্গলবারের ম্যাচে একজন পাকিস্তানি হিসেবে আমি পাকিস্তানেরই জয় চাই। কিন্তু ভারতের ব্যাপারটি হলো, এবারই তাদের বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ এসেছে। সাম্প্রতিক ফর্মও বলে, বিশ্বকাপটা ভারতেরই জেতা উচিত।’পাকিস্তান দলের অনিশ্চিত পারফরম্যান্সের যে ঐতিহ্য রয়েছে, তা ভারতের জন্য বিপদের কারণ হতে পারে বলে মনে করেন ইমরান খান। তিনি অধিনায়ক আফ্রিদির উদাহরণ টেনে বলেন, যদিও আফ্রিদি এই বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ, কিন্তু ভেবে দেখুন, সে যদি ১০টি ওভার একেবারে নিজের মতো করে খেলতে পারে, তাহলেই তো ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে।ইমরান খান বোলিং আক্রমণে পাকিস্তানকে এগিয়ে রেখে বলেন, ভারতের ব্যাটিং খুবই শক্তিশালী হলেও পাকিস্তানের বোলিংটা কিন্তু খুবই শক্তিশালী। পাকিস্তানি স্পিনারদের ভারতীয় ব্যাটসম্যানরা ভালোভাবে মোকাবিলা করতে পারলেও পেসাররাই ভারতীয়দের সবচেয়ে বড় পরীক্ষাটা নেবে বলে মনে করেন তিনি।ইমরান খান আরও মনে করেন, ভারতের বিপক্ষে এই ম্যাচে পেস আক্রমণে উমর গুলের পাশে শোয়েব আখতারকে খেলানো উচিত। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আফ্রিদিকেই নিতে হবে বলে জানিয়েছেন ইমরান। ওয়েবসাইট।