ইমরুলের প্রথম ডাবল সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ইমরুলের ব্যাট থেকে এল দারুণ ইনিংস। ফাইল ছবি।
আবারও ইমরুলের ব্যাট থেকে এল দারুণ ইনিংস। ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের প্রথম দুই দিনে দুই দলের ব্যাটিংয়ে অপ্রয়োজনীয় তাড়াহুড়োয় একটি প্রশ্ন অবধারিত হয়ে পড়েছিল—ম্যাচটা পাঁচ দিনে যাবে তো? তৃতীয় দিনে এসে দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানদের তাড়াহুড়ো আরও বাড়ল। তবে সেটি উইকেট বাঁচিয়েই। ইমরুল কায়েসের অনবদ্য দ্বিশতক ও মিঠুন আলীর শতকে দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ৪১০, এগিয়ে ৪৪৬ রানে।
ইমরুল-এনামুলের ৫৭ রানের উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হওয়ার পর সৌম্য সরকারের সঙ্গে ইমরুলের দ্বিতীয় উইকেট জুটি এল ৮০। খেলা শুরু মূলত এরপরই। ইমরুল ও মিঠুন আলীর তৃতীয় উইকেট জুটিতে এল ২৫৪। ইমরুল খেললেন ২৬৬ বলে ২০৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এ বাঁ হাতি ইনিংসটি সাজিয়েছিলেন ২০টি চার ও ৯টি ছয়ে। বিসিএলে এ উত্তরাঞ্চলের বিপক্ষেই জানুয়ারিতে ১২৭ করেছিলেন তিনি। ইমরুলকে সঙ্গ দেওয়া মিঠুন অপরাজিত ১১১ রানে। ওভার প্রতি দক্ষিণাঞ্চল রান তুলল ৪.৫৫ করে। রানরেট বলে দিচ্ছে, দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা কতটা দ্রুত গতিতে রান তুলেছেন!
তৃতীয় দিন শেষে ৪৪৬ রানে এগিয়ে দক্ষিণাঞ্চল। এখনই যা রান হয়েছে, চতুর্থ ইনিংসে এটি টপকাতেই ইতিহাস গড়তে হবে উত্তরাঞ্চলের। এতটুকু বলা যেতে পারে, অন্তত ম্যাচে পরাজয়ের শঙ্কা নেই আবদুর রাজ্জাকের দলের।