ইমানুয়েলে পার শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-দুটি পেনাল্টি দাবি করেও সেটি না পাওয়ায় শেখ রাসেলের সমর্থকদের কাল একটু বেশিই ক্ষুব্ধ দেখাচ্ছিল। ম্যাচ শেষে বাড়ির পথ ধরা সমর্থকেরা সমানে গালিগালাজ করে চলেছেন রেফারিকে। রেফারিদের পাহারা দিয়ে নিয়ে গেল পুলিশ।শিরোপার সুবাস পেতে যাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য কালকের ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই গুরুত্বপূর্ণ। লিগে তাদের বাকি তিন প্রতিপক্ষ রহমতগঞ্জ, ঢাকা মোহামেডান ও ব্রাদার্সের চেয়ে শেখ রাসেল তুলনামূলকভাবে অনেক বেশি শক্তিশালী। ভয়টা সে কারণেই বেশি ছিল। জামাল শেষ পর্যন্ত বড় বাধা পার করল ইমানুয়েল আউকের কাঁধে চড়ে। ম্যাচের ৩৩ মিনিটে বক্সের ভেতর থেকে একমাত্র গোলটি করেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।এই জয়ে ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই শেখ জামাল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেল তৃতীয় স্থানে। ৪০ পয়েন্ট নিয়ে মাঝে আছে মুক্তিযোদ্ধা।পিছিয়ে পড়ার পর গোল শোধের জন্য মরিয়া হয়ে পড়ে শেখ রাসেল। ৬০ মিনিটের সময় বক্সের ভেতর শেখ জামালের ডিফেন্ডার নাসিরের ট্যাকলে ডিউক পড়ে গেলে পেনাল্টির দাবি তোলে শেখ রাসেল। রেফারি তৈয়ব হাসান সেই দাবি উপেক্ষা করে খেলা চালিয়ে যান। ৭১ মিনিটে বক্সের ভেতর জামালের খেলোয়াড় আরিফের হ্যান্ডবল, রেফারি এবার পেনাল্টির নির্দেশ দিলে সেটা মানতে পারেননি গোলরক্ষক আমিনুল। পেনাল্টি বাতিলের দাবিতে আমিনুলের সঙ্গে দলের অন্য খেলোয়াড়েরাও যোগ দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খেলা বন্ধ থাকে প্রায় ১৪ মিনিট। শেষ পর্যন্ত সহকারী রেফারি মাহবুুবুর রহমানের সঙ্গে আলোচনার পর রেফারি আগের সিদ্ধান্ত বাতিল করে ফ্রি-কিকের নির্দেশ দেন।বড় বাধা পেরিয়ে নির্ভারই দেখাল শেখ জামালের কোচ পাকির আলীকে, ‘যে চারটি ম্যাচ হাতে ছিল, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বাধা পার হলাম।’ এক ম্যাচ নিষিদ্ধ থাকায় প্রধান কোচ মাহমুদুল হকের বদলে সাইডলাইনে ছিলেন সহকারী কোচ এস এম জাহাঙ্গীর। ক্ষুব্ধ কণ্ঠে জানালেন, ‘দুই দুইটা পেনাল্টি পাওনা আমাদের। রেফারি দেয়নি। আমরা তো আর মাঠের মধ্যে গিয়ে মারামারি করতে পারব না। তাহলে সাসপেন্ড হতে হবে।’ জয়ের পর শেখ জামালের সভাপতি মনজুর কাদের মাঠেই খেলোয়াড়দের পাঁচ লাখ টাকা বোনাসের ঘোষণা দেন।ফরাশগঞ্জ ও চট্টগ্রাম মোহামেডানের জয়: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ। ফরাশগঞ্জের গোল দুটি সোহেল ও জুয়েলের আর ব্রাদার্সের গোলটি কিংসলের। এই জয়ে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ফরাশগঞ্জ। ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাদার্স। কক্সবাজার স্টেডিয়ামে অন্য ম্যাচে চট্টগ্রাম মোহামেডান ২-১ গোলে জিতেছে রহমতগঞ্জের বিপক্ষে। চট্টগ্রাম মোহামেডানের গোল দুটি করেন ফরহাদ ও জেরি। রহমতগঞ্জের গোলটি পাশবন মোল্লার। ১৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে চট্টগ্রাম মোহামেডান। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সপ্তমে রহমতগঞ্জ।