ইমার্জিং কাপের দল এইচপি থেকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমার্জিং কাপ শুরু হবে ১৫ মার্চ। তবে বাংলাদেশে অনুষ্ঠেয় এসিসির এই টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে ২৩ ফেব্রুয়ারি থেকে।

৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে আট দলের মধ্যে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে মূলত তাদের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। এখানে জাতীয় দলের খেলোয়াড় খেলাতে পারবেন চারজন করে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে সেই চারজন কে কে, সেটি এখনো ঠিক করেননি নির্বাচকেরা। কাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল ঘোষণার পরই ঠিক করা হবে জাতীয় দলের কোন চারজন খেলবেন ইমার্জিং কাপে।

তবে প্রধান নির্বাচক আভাস দিলেন এই টুর্নামেন্টের জন্য দল গঠিত হবে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড থেকেই, ‘আমাদের এইচপির একটা স্কোয়াড আছে। এখানে অনূর্ধ্ব-২৩ দলের অনেক খেলোয়াড় আছে। আমরা তাদের পারফরম্যান্স দেখে বিশ্লেষণ করেছি। যেহেতু এটা অনেকটাই আন্তর্জাতিক টুর্নামেন্ট। শক্তিশালী সব দল আসছে। বয়সের বিষয়টাও আছে। সবকিছু যাচাই-বাছাই করে ২২ জনকে কন্ডিশনিং ক্যাম্পের জন্য ডাকা হচ্ছে।’

খেলোয়াড়দের খসড়া তালিকা করা হলেও এখনো দলের কোচ ও ম্যানেজার ঠিক হয়নি।