ইম্মোবিলে হবেন ইতালির নতুন নায়ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিলাচির সঙ্গে ইম্মোবিলের তুলনা শুরু হয়েছে মূলত তাঁর প্রচণ্ডগোল ক্ষুধা দেখেই। এএফপি।
শিলাচির সঙ্গে ইম্মোবিলের তুলনা শুরু হয়েছে মূলত তাঁর প্রচণ্ডগোল ক্ষুধা দেখেই। এএফপি।

১৯৯০ সালে সালভাতর শিলাচির হাতে উঠেছিল গোল্ডেন বুট। এরপর পেরিয়েছে ২৪ বছর, পেরিয়েছে পাঁচটি বিশ্বকাপ। কিন্তু গোল্ডেন বুট আর ওঠেনি কোনো ইতালিয়ানের হাতে। অথচ এর মধ্যে একবার বিশ্বকাপ জেতা হয়েছে আজ্জুরিদের। এবার বিশ্বকাপে ইতালির সমর্থকেরা শিলাচির জায়গায় দেখছেন চিরো ইম্মোবিলেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ইতালিয়ান তরুণ তুর্কিকে গোল্ডেন বুট পাওয়ার পরামর্শ দিয়েছেন স্বয়ং শিলাচি।
৪৯ বছর বয়সী ইতালির সাবেক এ তারকা বললেন, ‘প্রানদেল্লির তুরুপের তাস হতে মোক্ষম অবস্থায় আছে ইম্মোবিলে। এ মৌসুমে সে ভালো খেলেছে ও প্রচুর গোল করেছে। দারুণ ছন্দে আছে সে। ১৯৯০-এ যা করেছিলাম সেটিও তাঁকে উদ্দীপনা জোগাবে।’
১৯৯০ বিশ্বকাপে ছয় গোল করে গোল্ডেন বুট পাওয়া শিলাচির সঙ্গে ইম্মোবিলের তুলনা শুরু হয়েছে মূলত তাঁর প্রচণ্ড গোলক্ষুধা দেখেই। তবে এ তুলনায় একমত পোষণ করতে পারছেন না ইতালির এ তরুণ স্ট্রাইকার, ‘এমন একজনের পাশে আমাকে বসালেন, যাঁর জন্য ইতালির ফুটবল ইতিহাসে কয়েকটা অনুচ্ছেদ লেখা হয়েছে। সেখানে আমি সবে শুরু করলাম।’
কোচ প্রানদেল্লিও তাঁকে তুলনা করছেন শিলাচির সঙ্গে। আজ্জুরি গুরু বললেন, ‘শিলাচির সঙ্গে ওর তুলনা করেছি, কারণ ১৯৯০ সালের বিশ্বকাপে সবার কাছে সে পঞ্চম স্ট্রাইকার হিসেবে বিবেচিত ছিল। কিন্তু টুর্নামেন্ট শেষে সে-ই হলো সর্বোচ্চ গোলদাতা। ফলে আপনাকে প্রতিটি সুযোগ কাজে লাগানোর মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে।’ তাহলে বালোতেল্লির জায়গায় ইম্মোবিলেকে নামাচ্ছেন প্রানদেল্লি? এর জবাবে ইতালি কোচ বললেন, ‘বালোতেল্লির জায়গায় সে নামবে। হাতে গোনা কয়েকজন, যেমন—পিরলো, বুফন বাদে কারও নিশ্চয়তা নেই।’ রয়টার্স ও ওয়েবসাইট।