ইরফান পাঠানের অস্বস্তি!
আইপিএলের আসরে খেলতে নেমে কিছুটা যেন অসহায়ই হয়ে পড়েছেন ইরফান পাঠান। আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে তাঁর দল দিল্লি ডেয়ার ডেভিলস। যেখানে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভাই ইউসুফ পাঠানের। ক্রিকেটটা খুবই উপভোগ করলেও আপন ভাইয়ের বিপক্ষে খেলতে নামাটা একটু অস্বস্তিতেই ফেলে দেয় ইরফানকে। ইরফান পাঠান দিল্লির বোলিং আক্রমণের প্রধান ভরসা। অন্যদিকে কলকাতা নিশ্চিতভাবেই চাইবে তাঁর সহোদর ইউসুফ পাঠান যেন আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের নাজেহাল করে দিতে পারেন। এভাবে নিজ ভাইয়ের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার পরিস্থিতিটা আসলেই কিছুটা বিব্রতকর বলে স্বীকার করেছেন ইরফান। তিনি বলেছেন, ‘ক্রিকেট খেলাটা আমি খুবই উপভোগ করি। কিন্তু এ ব্যাপারটা আমি ঠিক সামলাতে পারি না।’এখন দুই ভাইকেই পেশাদারি আচরণ দেখাতে হলেও ব্যাপারটা একটু কঠিন বলেই মনে করেন ইরফান। তবে এখন যেন মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার কোনো পরিস্থিতি না আসে, সেটাই মনেপ্রাণে চাইছেন ভারতীয় এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘আমরা গতকালই কথা বলছিলাম এসব নিয়ে। আমি ইউসুফকে বলেছি, এমন কোনো পরিস্থিতি যেন না আসে যে শেষ ওভারে ১০ বা ১৫ রান লাগবে। আর আমি তাঁকে বোলিং করছি। এ রকম হলে খুব ভালো হয় যে সে ৫০ বা ১০০ রান করল আর আমরা ম্যাচটা জিতে গেলাম।’ টিএনএন।