ইরাকি ফুটবলের ‘যুদ্ধ’
গায়ে লাল জার্সি। ব্রাদার্স মাঠে অনুশীলনে ইরাক যুবদলের পরিশ্রান্ত ফরসা মুখগুলো দেখে মনে হচ্ছিল, আগুনের আঁচ লেগেছে। গত পরশু এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশকেও তারা আগুনে পুড়িয়েছে! জিতেছে ৬-০ গোলে। দলটি অনুশীলনে নির্ভার থাকবে, সেটাই স্বাভাবিক। অনুশীলনে হাসি-ঠাট্টায় মেতে থাকতে দেখা গেল ইরাকিদের।ফুটবল ইরাকের সবচেয়ে জনপ্রিয় খেলা। এর পরই বাস্কেটবল। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখনো ফুটবলেই সবচেয়ে বেশি আনন্দ খোঁজে। শিয়া, সুন্নি আর কুর্দিদের মধ্যে যতই বিভেদ থাক, ফুটবলের বড় জয় এক পতাকার নিচে নিয়ে আসে সবাইকে। দলের মিডিয়া ম্যানেজার খালেদ আল জায়েদ বললেন, ‘মালয়েশিয়ায় ২০০৭-এ সৌদি আরবকে হারিয়ে এশিয়ান কাপ জিতেছিলাম। দেশজুড়ে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল।’ জায়েদ জানালেন, ইরাকের এ যুবদলের কোনো ফুটবলারেরই আপনজন বোমা হামলায় মারা যায়নি। তাঁদের বেশির ভাগই খেলেন সিরিয়া ও জর্ডানের বিভিন্ন ক্লাবে। নিরাপত্তার কারণে ইরাকে আন্তর্জাতিক কোনো ম্যাচ হয় না, যদিও সর্বশেষ ম্যাচ হয়েছিল ২০০৯-এর ১০ জুলাই।নিরাপত্তার জন্যই ফুটবলারদের কেউই ইরাকে থাকেন না। তাঁদের অনুশীলনও হয় দেশের বাইরে। জায়েদের কথা, ‘ফুটবলাররা সবাই দোহায় থাকে। যখন যেখানে ম্যাচ থাকে, তারা সেখানে খেলতে যায়। এরপর ফিরে আসে কাতারে।’ এভাবে আর কত দিন যাযাবরের মতো চলতে হবে? দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জায়েদ, ‘জানি না।’ এভাবে প্রবাসী জীবন কাটাতে মোটেও ভালো লাগে না ফুটবলারদের। হাতে অস্ত্র হয়তো নেই, তবু যেন একটা নিরন্তর যুদ্ধই করতে হয় ইরাকি ফুটবলারদের।