ইরাকের দায়িত্ব ছাড়লেন জিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের মধ্যেই ইরাক জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জিকো। ইরাক ফুটবল ফেডারেশনের সঙ্গে বনিবনা না হওয়াতেই সাবেক ব্রাজিলিয়ান তারকার এ সিদ্ধান্ত। পরশু নিজের ওয়েবসাইটে ঘোষণাটি দিয়েছেন জিকো।ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) তাঁর সঙ্গে হওয়া চুক্তির শর্তাবলি পুরোপুরি পূরণ না করাতেই নাকি জিকো বাধ্য হয়েছেন সরে দাঁড়াতে। ‘আমি এই ওয়েবসাইটের মাধ্যমে জানাচ্ছি, যেহেতু আইএফএ চুক্তির শর্তগুলো যথাযথভাবে পালন করতে পারেনি, তাই চুক্তিটাকে আমি বাতিল বলে বিবেচনা করছি। আমি আমার সিদ্ধান্তের কথা ফিফা ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছি। শিগগিরই বিস্তারিত জানাব’—বলেছেন জিকো। বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলের ‘বি’ গ্রুপে ইরাক তৃতীয় স্থানে আছে (৫ ম্যাচে ৫ পয়েন্ট)। ইরাকের সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে অস্ট্রেলিয়া দুইয়ে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। তৃতীয় স্থানের দলকে খেলতে হবে প্লে-অফ। ২০১১ সালের সেপ্টেম্বরে ইরাকের দায়িত্ব নিয়েছিলেন জিকো। এই সময়ে ইরাক ম্যাচ খেলেছে ২১টি। ১০ জয়, ছয় ড্র, পাঁচ হার। রয়টার্স।