প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বলে উইকেট, টেস্টে প্রথম বলে—আন্তর্জাতিক ক্রিকেটে পা দিয়েই হইচই ফেলে দিয়েছেন শামিন্দা ইরাঙ্গা। শ্রীলঙ্কান পেসারের এই কীর্তি ক্রিকেট ইতিহাসে নেই আর কারও। তবে আরও তিনজন আছেন যাঁরা দুই ধরনের ক্রিকেটেই উইকেট পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ওভারে। তিনজনের দুজনই ইংলিশ পেসার। রিচার্ড জনসন টেস্টে প্রথম ওভারে আউট করেছিলেন জিম্বাবুয়ের মার্ক ভারমিউলেনকে, ওয়ানডেতে জিম্বাবুয়েরই ডিওন ইব্রাহিমকে। ড্যারেন গফ টেস্টে প্রথম ওভারেই ফিরিয়েছিলেন নিউজিল্যান্ডের মার্ক গ্রেটব্যাচকে, ওয়ানডেতে আরেক কিউই মার্টিন ক্রোকে। বিস্ময় জাগাবে অন্যজনের নামটি। ডব্লু ভি রমনের মূল পরিচয় ছিল ব্যাটসম্যান, বল হাতে নিতেন দলের একান্ত প্রয়োজনেই। সেই তিনিও বাঁহাতি স্পিনে প্রথম টেস্ট ওভারে আউট করেছেন কোর্টনি ওয়ালশকে, ওয়ানডের উইকেটটি আরও বিখ্যাত—ডেসমন্ড হেইন্স!