ইরানও সহজ প্রতিপক্ষ
ইরানের সঙ্গে আগের তিন সাক্ষাতেই জিতেছে বাংলাদেশ। ১৯৯৮ সালে ঢাকায় এশিয়া কাপে ৩-১, ২০০৬ দোহা এশিয়ান গেমসের বাছাইয়ে ৫-৩, ২০০৮ এএইচএফ কাপে ৫-২। আজও ইরানের বিপক্ষে জেতার প্রত্যাশা বাংলাদেশের।
এশিয়ান গেমস হকির বাছাইয়ে প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ আছে কক্ষপথেই। মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু ম্যাচে আজ বাংলাদেশ হারলেও ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের দুই ম্যাচে ৬ পয়েন্টের বিপরীতে ৩ পয়েন্ট করে ইরান ও সিঙ্গাপুরের। আজ হংকংয়ের বিপক্ষে সিঙ্গাপুর জিতলে এবং বাংলাদেশ হারলে সিঙ্গাপুর ও ইরানেরও পয়েন্ট হবে ৬। সে ক্ষেত্রে গোল গড় এগিয়ে দেবে বাংলাদেশকে।
তবে বাংলাদেশ চাইছে জয়ের ধারা ধরে রাখতে। গোলের সুযোগ নষ্ট করা যাবে না। কোচ নাভিদ আলমও একমত, ‘ছেলেদের মনোযোগের অভাবে প্রত্যাশা অনুযায়ী গোল আসছে না। গোল বাড়াতে হবে। মূল স্ট্রাইকার মিমো ছন্দে নেই। ও গোল পেলে ম্যাচের চেহারা বদলে যাবে।’
গ্রুপ চ্যাম্পিয়ন ওমান: টানা তিন ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ওমান। কাল তৃতীয় ম্যাচে তারা ৩-১ গোলে কাতারকে হারিয়েছে। চীনা তাইপেকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ শ্রীলঙ্কা।