ইরানকে ৩-১ গোলে হারাল বসনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয় দিয়েই শেষ হলো বসনিয়ার বিশ্বকাপ মিশন। ছবি: রয়টার্স
জয় দিয়েই শেষ হলো বসনিয়ার বিশ্বকাপ মিশন। ছবি: রয়টার্স

প্রথম দুই ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বসনিয়ার। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে খালি হাতে ফিরতে হলো না ইউরোপের এই দলটিকে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানকে ৩-১ গোলে হারিয়েছে বসনিয়া। এডিন জেকো-ইবিসেভিচদের ভালো পারফরম্যান্সের ফলে ফায়দাটা হয়েছে অবশ্য নাইজেরিয়ার। ‘এফ’ গ্রুপের অপর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরেও দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়ে গেছে সুপার ইগলরা।

ইরানের অতি রক্ষণাত্মক কৌশলের জন্য গোলশূণ্য ড্র নিয়েই মাঠ ছাড়তে বসেছিল আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লিওনেল মেসির জাদুতে শেষপর্যন্ত ১-০ গোলের জয় পেয়েছিল আলবেসিলেস্তেরা। কিন্তু আজ প্রথমার্ধের ২৩ মিনিটেই ইরানের জালে বল জড়িয়েছিলেন বসনিয়ার তারকা স্ট্রাইকার জেকো। এই এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল বসনিয়া। দ্বিতীয়ার্ধে, ৫৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করে দেন মিরালেম পিয়ানিচ। তিনো সুসিচের দারুণ একটি পাস থেকে বল পেয়ে গোল করেন এই বসনিয়ান মিডফিল্ডার।
৮২ মিনিটে একটি গোল শোধ করে খেলায় ফেরার মরীয়া চেষ্টা চালিয়েছিলেন ইরানের স্ট্রাইকার রেজা ঘুচান্নেজাদ। এটাই ছিল এবারের বিশ্বকাপে ইরানের প্রথম ও একমাত্র গোল। কিন্তু এক মিনিট পরেই আবার ব্যবধান বাড়িয়ে দেন আভদিয়া ভ্রসায়েভিচ। বদলি হিসেবে নামা সেয়াদ সালিহভিচের পাস থেকে বল পেয়ে মাপা শটে সেটি জালে জড়িয়েছেন বসনিয়ার এই ডিফেন্ডার।