ইরানি কোচ নিয়ে আবাহনীর নবযাত্রা
আলী আকবর পোরমুসলিমির হাত ধরে কাল যেন নতুন যাত্রা শুরু করে দিল আবাহনী ফুটবল দল। ইরানি কোচ এদিন সকালে ঢাকায় নেমেই বিকেলে অনুশীলন করিয়েছেন। দলবদলের ধাক্কায় খানিকটা ক্ষতিগ্রস্ত আকাশি-নীলরা উজ্জীবিত হয়ে উঠেছে নতুন কোচ পেয়ে।ক্লাব চত্বরে বিকেলে খেলোয়াড়দের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন আলী আকবর। সবার সঙ্গে হাত মেলানোর পর তাঁকে নিয়ে যাওয়া হয় সম্মেলনকক্ষে। সেখানে খেলোয়াড়েরাও ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে নতুন কোচ নেমে পড়েন অনুশীলনে। যদিও প্রথম দিন তাঁর বিশ্রামেই থাকার কথা ছিল।ইরানের প্রিমিয়ার লিগের দল পাস হামাদানে খেলেছেন। কোচ হিসেবে এই ক্লাবকে গত মৌসুমে ১৪ থেকে ৪ নম্বরে এনেছেন। এএফসি প্রো-লাইসেন্সধারী আলী আকবর ইরান অনূর্ধ্ব-১৮ দলের কোচ ছিলেন ২০০৪ সালে, অনূর্ধ্ব-১১ দলের ২০০৫ সালে। আপাতত ছয় মাসের চুক্তিতে আসা এই কোচের অন্যতম বড় পরিচয়, তিনি এখন এএফসি কোচিং ইনস্ট্রাক্টর।অনুশীলন দেখতে দেখতে আবাহনী ফুটবল দলের অলিখিত প্রধান ক্লাবের পরিচালক কাজী নাবিল আহমেদ জানালেন তাঁদের নতুন পরিকল্পনা, ‘ফেডারেশন কাপ, সুপার কাপ এবং বাংলাদেশ লিগ জয়ের সঙ্গে এবার আমরা এএফসি প্রেসিডেন্টস কাপের চূড়ান্ত পর্বে অবশ্যই খেলতে চাই (গত তিনবারই গ্রুপ পর্বে বিদায়)। টানা দুবার প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছি। আপাতত আর করব না। খেলায় বেশি সময় দিতে চাই।’আবাহনীর জন্য বড় প্রেরণা, নতুন দল নিয়েই আসামের বরদুলই ট্রফি জিতে আসা গেছে। আবাহনীর এবার যা দল, তাতে ঘরোয়া মৌসুমে লক্ষ্য অর্জন বেশ কঠিন। গত কয়েক বছরে গড়ে ওঠা দলটা যে ভেঙে গেছে। দল ছেড়েছেন বিপ্লব, সুজন, এনামুল, মিশু, মতিউর মুন্নারা। শূন্যস্থান পূরণে আলফাজ, শুভ্র, আবদুল্লাহ পারভেজ, চৌমিন রাখাইন, জিতুদের নেওয়া হয়েছে। থেকে যাচ্ছেন উজ্জ্বল, প্রাণতোষ, সিরাজী, আবুলরা। দলে নবাগত আলফাজ নতুন কোচের অনুশীলনে নামার আগে আশাবাদ ব্যক্ত করলেন, ‘ভালো বিদেশি যোগ করা গেলে আবাহনীকে সমীহ করতেই হবে।’‘ভালো বিদেশি’ তকমা নিয়ে ঘানার ইব্রাহিম ও সামাদ এবারও থাকছেন। চেষ্টা চলছে আরও তিনজন ভালো বিদেশি নেওয়ার। এ মৌসুমে গোলরক্ষকসহ পাঁচজন বিদেশি খেলতে পারবেন প্রতি দলে। তবে চারজন বিদেশির একজনকে তুলে আরেকজন বিদেশি নামানো যাবে। অর্থাৎ পাঁচজনকেই রাখা যাবে স্কোয়াডে। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) সেটা মনে রেখেই অনুশীলন মাঠ থেকে বেরিয়ে বললেন, ‘বিদেশি খেলোয়াড় সংগ্রহটা ভালো করতে চাই। এটার ওপর অনেক কিছু নির্ভর করবে।’তারকায় ঠাসা শেখ জামাল ধানমন্ডি ক্লাব চোখ রাঙাচ্ছে। মুক্তিযোদ্ধার চ্যালেঞ্জ সামনে। আবাহনী তাদের ১৩তম বিদেশি কোচ আনল সেই চ্যালেঞ্জে জয়ী হতেই। বিদেশি কোচ আসায় সহকারীর ভূমিকায় চলে যাওয়া অমলেশ সেনের মুখে সেটাই শোনা গেল অনুশীলনের এক ফাঁকে, ‘আশা করি, আমরা মাঠে ভালো করব এবারও।’