ইরানি মেয়েদের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় পা রেখেই অসুস্থ হয়ে পড়েছিলেন জাহরা ঘানবারি। সারাটা দিন কাটালেন টিম হোটেলে। গোধূলিবেলায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সতীর্থদের নিয়ে অনুশীলনের নামার সময় অবশ্য তাঁর চোখেমুখে অসুস্থতার ছাপ রইল না। হাসিমুখে সম্ভাষণ জানালেন, ‘স্লামালেকুম!’ বোঝা গেল শুধু এটুকুই। কথা বলার অবলম্বন হলেন কোচ মাহনাজ আমিরশাগাগি। ইরানের অধিনায়ক জাহরা যে মোটেও ইংরেজি বোঝেন না!তেহরানের একটি স্কুলের ‘এ’ লেভেলের ছাত্রী জাহরার সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন কোচ। এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাইপর্বে অংশ নিতে ইরান দল ঢাকায়। ২০০৫ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন উইমেন্স চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু এঁদের। অথচ এই কয়েক বছরে দারুণ এগিয়েছে ইরান।পরনে কলাপাতা রঙের ট্রাউজার। মাথায় সাদা স্কার্ফ। পায়েও সাদা মোজা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে একঝাঁক তরুণীর মধ্যে একটু আলাদা লাগছিল স্ট্রাইকার জাহরাকে। জানালেন ফুটবলে আগ্রহ ছোটবেলা থেকে। বাবা সরকারি কর্মকর্তা মাহতি হাসানের আগ্রহেই তাঁর ফুটবলে আসা। মাথায় হিজাব পরে খেলতে অসুবিধা হয় না? জাহরার সহাস্য উত্তর, ‘এতেই অভ্যস্ত হয়ে গেছি।’ গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা দারুণ উপভোগ করেছেন জারাহ। তাঁর প্রিয় দল স্পেন আর খেলোয়াড় জাভি।ইরান ফুটবল ফেডারেশন জাতীয় মহিলা দলের বাইরে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলও গড়েছে। মেয়েদের বয়সভিত্তিক লিগও আয়োজন করে তারা। ফুটবলে আসতে বাংলাদেশের মতো সামাজিক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি তাদের। এ পর্যন্ত ছেলেদের বিশ্বকাপে তিনবার খেলেছে ইরান। তবে তাঁর আশা ভবিষ্যতে ইরানের মেয়েরাও বিশ্বকাপে খেলবে। কোচ মাহনাজ এই দলকে নিয়ে গত চার মাস নিবিড় অনুশীলন করিয়েছেন। অনুশীলন তো বটেই, তাদের খেলাও কোনো পুরুষ দর্শক দেখতে পারে না। তেহরানে আজাদি স্টেডিয়ামটা শুধুই মেয়েদের জন্য। ওপরে ছাদঢাকা এই স্টেডিয়ামেই হয় মেয়েদের সব ম্যাচ। নিজেদের দেশে পুরুষ দর্শক নিষিদ্ধ, কিন্তু ইরানের নারী কোচ চান বাংলাদেশে সবাই তাঁদের খেলা দেখুন। তাঁর প্রশ্ন ছিল, ‘এখানে কি পুরুষেরা মাঠে আসতে পারবে না?’