ইরানি মেয়েদের হোটেলে চুরি!
দিনের বেলায় সংযুক্ত আরব আমিরাতকে ৯-০ গোলে হারিয়ে আনন্দে ভাসছিল ইরানের মেয়েরা। কিন্তু পরশু রাতে হোটেলে ফিরে তারা পেয়েছে দুঃসংবাদ। রাজধানীর ভিক্টরি হোটেলের ইরানি খেলোয়াড়দের কক্ষ থেকে চুরি গেছে ১৩০০ মার্কিন ডলার, ল্যাপটপ, ক্যামেরা ও ক্রেডিট কার্ড।
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল খেলতে ঢাকায় আসা এই দলের কর্মকর্তা হোসেন শাহবাজ জানিয়েছেন, ‘খেলোয়াড়দের টাকাপয়সাসহ মূল্যবানসামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনাটা সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে। স্থানীয় থানায়ও খবর দেওয়া হয়েছে। হোটেল কর্তৃপক্ষ এ ঘটনাটা নিয়ে সমঝোতার চেষ্টা করছে।’ যদিও এই চুরির ঘটনার দায়টা ইরানের খেলোয়াড়দের ওপরই চাপালেন আয়োজক বাফুফের মহিলা উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘খেলোয়াড়েরা হোটেলের কোনো নিয়মকানুন মানেনি। তাদের মূল্যবানসামগ্রী সেফটি লকারে রাখতে বলা হয়েছিল। কিন্তু তারা সেটা করেনি।’