ইরানের উত্তরণ দেখল রিক্ত বাংলাদেশ
লক্ষ্য ছিল বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলা। সে জন্যই বাছাইপর্বের আয়োজন। কিন্তু কাল টুর্নামেন্ট শেষে বলতে হলো, চ্যাম্পিয়ন হওয়ার যে আশাবাদ কর্মকর্তারা শুনিয়েছিলেন, তা বাস্তবতাবর্জিত দুঃসাহস। কতগুলো বাচ্চা মেয়েকে ধরে এনে দিন কয়েক অনুশীলন করিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল ‘বাঘিনী’দের মুখে। জর্ডান, ইরান ও ভারতের বাঘিনীরা তাদের তিন ম্যাচেই ছিঁড়েখুঁড়ে খেল। ছয়ের নামতা পড়ে তিন ম্যাচ থেকে গুনে গুনে ১৮ গোল খেল বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৬-১ গোলে হার, দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৬-০ গোল, আর কাল শেষ ম্যাচে ভারতও ৬ গোল দিল বাংলাদেশের জালে। একাই চার গোল করেছেন ভারতের স্ট্রাইকার রিনা।দিনের আগের ম্যাচে ইরান জর্ডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে। তাই আনুষ্ঠানিকতার মোড়কে এ ম্যাচটি দাঁড়িয়ে গিয়েছিল মর্যাদার লড়াই হিসেবে। আগের দুই ম্যাচে গো-হারা বাংলাদেশের কাছে এটি ছিল একটু মান বাঁচানোর উপলক্ষ। কিন্তু কোথায় কী? ৩৯ মিনিট পর্যন্ত ভারতকে ঠেকিয়ে রাখতে পারল বাংলাদেশ দল। তারপর পরল ছয় গোলের মালা। টানা তৃতীয় ম্যাচে। অনেক দিন এত দর্শক দেখে না বাংলাদেশের ফুটবল। দর্শকে ঠাসা বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে দর্শকেরা ফিরল হতাশা নিয়ে। পরাজয়ের হতাশার সঙ্গে মিশেছে একটা বেদনাও। খেলার মধ্যে আঘাত পাওয়া গলার হাড় ভেঙে গেছে বাংলাদেশ স্ট্রাইকার মিরোনোর। তাঁর আশ্রয় হয়েছে হাসপাতালে।প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে থেকেও ইরান জিতেছে ৩-২ গোলে। অথচ প্রথমার্ধের পুরোটা ছিল জর্ডানের নিয়ন্ত্রণে। ১৫ আর ২৪ মিনিটে দারুণ দুটি গোল করেন জর্ডানের স্ট্রাইকার। ডিফেন্ডারের ভুলে প্রথম গোলটি হজম করে ইরান, ডান পাশ থেকে একাই আক্রমণে গিয়ে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে শাহনাজ করেন নিজের দ্বিতীয় গোল। এর পরই খোঁচা খাওয়া বাঘের মতো জ্বলে ওঠে ইরান। অধিনায়ক জাহরা ৩৬ মিনিটে ইরানের হয়ে একটি গোল শোধ করেন (২-১)। দ্বিতীয়ার্ধে আরও উজ্জীবিত ইরান। বদলি হিসেবে খেলতে নামা সামানেহ সমতায় ফেরালেন ইরানকে (২-২)। ৮৯ মিনিটে পুরো দলকে নির্ভার করলেন কারিমি (৩-২)।ম্যাচ শেষে জাতীয় পতাকা নিয়ে ‘ল্যাপ অব অনার’ দিল ইরানি মেয়েরা। সঙ্গে তুমুল করতালি আর অভিনন্দন জুটল দর্শকদের। জর্ডান তখন ম্যাচ শুরুর উজ্জীবনী শক্তি হারিয়ে বিধ্বস্ত। জর্ডান কোচ আমের আবু হান্তাস পরাজয়ের জন্য দুষলেন গরম আবহাওয়াকে, ‘গরমের কারণে মেয়েরা শেষ দিকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। ওই সুযোগটাই নিয়েছে ইরান।’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে পেরে খুশি ইরানের কোচ মাহনাজ। খেলার বিরতিতে খেলোয়াড়দেরও কাছে তাঁর বার্তা ছিল, ‘আগে নিজেদের দুর্গ সামলাও পরে আক্রমণ করো।’ কাজ হয়েছে তাতে। দর্শকদের অকুণ্ঠ সমর্থনের জবাব দিতেও ভুললেন না, ‘এখানে দর্শকেরা আমাদের যেভাবে সমর্থন করেছে তাতে মুগ্ধ। মনে হচ্ছিল যেন দেশেই খেলছি।’