ইরানের সঙ্গী দক্ষিণ কোরিয়াও
ম্যাচ শেষ। দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা অপেক্ষা করছেন ভীষণ উৎকণ্ঠার সঙ্গে। উজবেকিস্তান যদি কাতারকে আরও দুই গোল দিয়ে বসে, তবে কপাল পুড়বে তাদের। সেটা অবশ্য হয়নি, গোল ব্যবধানের কল্যাণে বিশ্বকাপে চলে গেছে দক্ষিণ কোরিয়া। ইরানের উৎসব অবশ্য শুরু হয়ে গেছে এর আগেই। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েই যে বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করে ফেলেছে তারা। কাতারকে ৫-১ গোলে হারিয়েও ‘এ’ গ্রুপে তৃতীয় উজবেকিস্তান। তাসখন্দে কাতারের কাছে শুরুতে গোল খেয়ে বসেছিল উজবেকরা। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৬০ থেকে ৯০ মিনিটের মধ্যে ফিরিয়ে দিয়েছে পাঁচ গোল! প্লে-অফে তাদের প্রতিপক্ষ জর্ডান, কাল ওমানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে তারা। ‘বি’ গ্রুপে জাপান আগেই নিশ্চিত করেছিল শীর্ষস্থান। গতকাল ইরাককে ১-০ গোলে হারিয়ে অস্ট্রেলিয়া সঙ্গী হয়েছে তাদের। জশ কেনেডির ৮৩ মিনিটের নাটকীয় গোলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে সকারুরা। এশিয়া থেকে সরাসরি কোন চারটি দল বিশ্বকাপে যাবে, তা তো চূড়ান্তই হয়ে গেল। দুই গ্রুপের তৃতীয় দুই দলের মধ্যকার প্লে-অফ বিজয়ীদেরও সুযোগ থাকবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পঞ্চম হওয়া দলকে হারাতে পারলে। রয়টার্স।