ইরানের সামনে আজ কোন মেসি?

আজ মেসি-দর্শন হবে ইরানের। আবার ম্যারাডোনার উত্তরাধিকার বয়ে চলা মেসির ওপরই যেহেতু আর্জেন্টিনার বিশ্বকাপ শাপমোচনের দায়িত্ব, ম্যারাডোনাকেও দেখবে ইরান।
অর্থাৎ বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ‘মেসিডোনা’র সামনে পড়বে আট বছর পর বিশ্বকাপে আসা এই এশীয় দল। তাহলে ২০০৭ সালে লা লিগায় গেটাফের বিপক্ষে ১৯৮৬ বিশ্বকাপের ম্যারাডোনা ঢঙের গোল করে যেমন মেসিডোনা নাম হয়ে গিয়েছিল বার্সা জাদুকরের, তেমনই একটা গোলের জন্ম হতে চলেছে। কিংবা তাঁর পা থেকে ঝরতে চলেছে গোলের ধারা। ইরান ভয়ে আছে। ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে রুখে দিয়ে অর্জিত সম্ভ্রমটা বুঝি কেড়ে নেবেন ওই মেসি, লিওনেল মেসি।
এটা নিতান্তই একটা ফুটবল ম্যাচ, ভয়ের কী আছে! কিন্তু বিশ্বকাপের ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে জায়গা পাওয়ার পর থেকে ইরানের জনতা শুধু মেসিকেই চোখে দেখছে। আগে তাদের মননে মেসি নামের এক ফুটবল দেবতা ছিল, এখন সেখানে মেসি নামের এক ‘অসুর’। ভালোবাসার জায়গা থেকে যিনি সরে গেছেন ঘৃণার গর্ভে। দলকে দ্বিতীয় রাউন্ডের টিকিট এনে দিতে তাদের বিশ্বকাপ-যাত্রাকেই যিনি করতে পারেন লাঞ্ছিত। এমন হতে পারে, গোল্ডেন বুট জয়ের মূলধন একগাদা গোল এ ম্যাচ থেকেই জোগাড় করে ফেললেন। কার্লোস কুইরোজ যেন মেসির হাতে সর্বনাশের আশঙ্কার ক্ষণগণনায় বসে গেছেন, ‘মেসি যদি মানুষ হতো, সে বিশ্বের সেরা খেলোয়াড়ই হতো। কিন্তু সে তো মানুষই নয়, তাই এই প্রতিযোগিতার সে বাইরে।’ ফুটবলের বিশ্বসমাজে বহু ঘাটের জল খাওয়া ইরান দলের এই পর্তুগিজ কোচের কাছে মেসি আসলে ভিন গ্রহের ফুটবলার। তাই তাঁর এ-ও মনে হচ্ছে, ‘আর্জেন্টিনাকে হারাতে চাইলে ইরানের দরকার হবে অলৌকিক কিছু।’ মেসি অবশ্য নিজেকে মানুষই মনে করেন। বিশ্বকাপে আসার আগে বার্সেলোনার মৌসুমে দেখিয়েছেনও চোটে আক্রান্ত হন তিনি, তাতে তাঁর পারফরম্যান্স সাধারণ মানের হয়, যা দিয়ে টানা পঞ্চমবার ব্যালন ডি’অর জেতা সম্ভব হয় না।
আর তাঁর দলের আর্জেন্টিনাকে হারাতে মোটেও অলৌকিক কোনোশক্তির দরকার পড়ে না। এই তো
১৫ জুন ফুটবল তীর্থ মারাকানায় ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচটায় বিশ্বকাপ অভিষিক্ত বসনিয়া-হার্জেগোভিনাও কী বেগ দিল আর্জেন্টিনাকে। তাদের জয়টা মাত্র ২-১ গোলে। আক্রমণে আক্রমণে বলকান দলটিই বরং মেসির আর্জেন্টিনাকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। হ্যাঁ, এটা ঠিক, ওই ম্যাচ জিততে শেষ পর্যন্ত মেসির অন্য গ্রহের ফুটবলের একটু ছোঁয়া দরকার হয়েছিল। সেই ছোঁয়াতেই আট বছরের শাপমোচন করে পান মাত্র দ্বিতীয় বিশ্বকাপ গোল। মাঝে মাঝে ওরকম কিছু অতিমানবিক ঝলক তাঁর পায়ে ফুটে ওঠে বলেই তো তিনি মেসি। তবে এই অতিমানবিক ক্ষমতার প্রভাব শেষ করে দিতে সাধারণ দু-একটা মানবিক চালই যথেষ্ট। আর সেই চাল সাধারণত আর্জেন্টাইন কোচদের দিক থেকে আসে। সার্বিয়া ম্যাচে যেমন দিয়েছিলেন কোচ আলেসান্দ্রো সাবেলা, নিজেদের অভ্যস্ত ছক ৪-৩-৩ পাল্টে দলকে ৫-৩-২ ছকে সাজিয়ে! এতে কী হলো, বিশ্বের সেরা আক্রমণভাগ নিয়েও সার্বিয়ার সীমানায় বল নিয়ে যেতে কী হাঁসফাঁসই না করতে হলো আর্জেন্টিনাকে। উল্টো দিক থেকে নিজেদের রক্ষণে পড়ল চাপ। ভাগ্য ভালো, এমনিতে আলটপকা বলে পরিচিত আর্জেন্টিনার রক্ষণ সেদিন পরিচয় দিল দৃঢ়তার। আর অবশ্যই বিরতির পর ভুল শুধরে কোচ ৪-৩-৩ ছকে ফিরে গেলেন বলে। না হলে শেষ রক্ষা হতো না আর্জেন্টিনার।
তাহলে কুইরোজ কি বন্দনাগীতিতে মেসি এবং আর্জেন্টিনাকে দুর্বল করে দিতে চাইছেন? হতেই পারে। তবে এ কথা সত্যি, বড় বড় শরীরের নাইজেরিয়া দলের সঙ্গে ড্র করে ইরান যতই আত্মবিশ্বাস সঞ্চয় করুক, তারা আসলে ছায়া প্রতিপক্ষ। আর্জেন্টিনার আসল প্রতিপক্ষ আজ আর্জেন্টিনাই। মেসিদের বিপক্ষে আরেক দল মেসিও আছেন। যাঁরা লুকিয়ে থাকেন তাঁদেরই ছায়ার অাড়ালে। কোচের হঠাৎ ভ্রান্তিবিলাস, মেসি নামের ওই অন্য গ্রহের ফুটবলারটির খেয়াল, কিংবা তাঁকে বুঝতে না পারা—সব মিলিয়েই গড়ে ওঠে ওই ছায়াগুলো। বসনিয়া ম্যাচের পর বেস ক্যাম্পের অনুশীলনের ছবিটা ওই ছায়াকেই কি বড় করে তুলছে? সেই যে কোচ সাবেলার অনেক দূরে তাঁর অধিনায়ক। সাবেলা ও মেসির মধ্যে দৃষ্টিবিনিময় হলো কদাচিৎ!
নিজেদের ফুটবল ইতিহাসকে নতুন মাত্রা দিতে ইরান বরং আর্জেন্টিনা দলে চাইতে পারে আর্জেন্টিনার ওই ছায়া। না হলে কুইরোজ হয়তো মনের কথাই বলেছেন, যা সত্য এবং শাশ্বত। এই মেসি আর আর্জেন্টিনাকে ঠেকানোর সাধ্য তাঁর দলের নেই!