২১ জুন, ১৯৯৮। বিশ্বকাপে নিজেদের সেরা অর্জনটা সেদিনই পেয়েছিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২-১ গোলের সেই জয় শুধু একটা জয়ই নয়, যুদ্ধে জেতার মতোই।
ঠিক ১৬ বছর পরে বেলো হরিজেন্তেতে এই দিনেই আরেকটি ইতিহাস প্রায় লিখেই ফেলেছিল ইরান। আর্জেন্টিনার সঙ্গে ড্র তো বটেই, এমনকি জয় নিয়েও মাঠ ছাড়তে পারত। কিন্তু শেষ পর্যন্ত গল্পটা হয়ে রইল ‘এত কাছে তবু এত দূরে’র। লিওনেল মেসির অবিশ্বাস্য ওই গোলটা ইরানিদের বুকে শেল হয়েই বিঁধেছে।
অথচ ম্যাচের আগে কত কথাই হচ্ছিল। আর্জেন্টিনা কত গোল দেবে ইরানকে, সেটা নিয়েই বিস্তর জল্পনা-কল্পনা। শেষ পর্যন্ত সেই গোলটা এল অনেক কাঠখড় পুড়িয়ে। বিশ্বকাপের আগে ইরান কোচ কার্লোস কুইরোজ বলেছিলেন, ‘আমরা এবার সবাইকে চমকে দেব।’ কথাটা যে ফাঁপা বুলি নয়, প্রথম দুই ম্যাচই তো তার প্রমাণ।
কুইরোজের আফসোসের সঙ্গে মিশে আছে ক্ষোভও। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় সেটারই বহিঃপ্রকাশ, ‘দিন শেষে দুজন মানুষই ব্যবধান গড়ে দিয়েছে। একজন রেফারি, অন্যজন লিওনেল মেসি।’ দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার পাবলো জাবালেতা বক্সের ভেতরে ফেলে দিয়েছিলেন ইরানের আসখান দেজাগেহকে। তবে রেফারি পেনাল্টি দেননি। কুইরোজ সেটা নিয়েই খাপ্পা, ‘আমরা ন্যায্য সিদ্ধান্ত পাইনি। রেফারি ওই ঘটনা থেকে মিটার খানেক দূরত্বে দাঁড়িয়ে ছিলেন। দেখেছেন, ওটা একটা ফাউল ছিল, কিন্তু কিছুই করেননি। এটাই আমার কাছে সবচেয়ে বাজে মনে হয়েছে।’
অথচ বিশ্বকাপের আগে কী একটা বিশৃঙ্খলার মধ্য দিয়েই না যেতে হয়েছে ইরানকে! মোজার মতো তুচ্ছ জিনিস নিয়ে ফেডারেশনের সঙ্গে বাদানুবাদ হয়েছে কুইরোজের, টাকার অভাবে বাতিল হয়ে গেছে অনুশীলন ক্যাম্প। তবে এর মধ্যেই কুইরোজ দলকে এককাট্টা করেছেন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য সংক্ষিপ্ত করিয়েছেন ঘরোয়া লিগ। বিশ্বকাপে দেখা গেল তাই সংঘবদ্ধ, চমকে দেওয়া এক ইরানকে। দলকে নিয়ে তো পর্তুগালের এই কোচ উচ্ছ্বসিত হবেনই, ‘আমরা ৯০ মিনিট ধরে প্রতিদ্বন্দ্বিতা করেছি। খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’
নকআউটে যাওয়ার আশা এখনো বেঁচে আছে ইরানের। সে জন্য শেষ ম্যাচে বসনিয়ার সঙ্গে জয় যেমন পেতে হবে, চাইতে হবে নাইজেরিয়ার অমঙ্গলও। দেজাগেহরা কি পারবেন চমকে দিতে? ওয়েবসাইট।