ইরিনার ত্রিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে শেষ হওয়া আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বড়রা না পারলেও ছোটরা ঠিকই সাফল্য পেল। কাল পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শেষ হওয়া জুনিয়র আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ত্রিমুকুট জিতেছে বাংলাদেশের ইরিনা পারভীন। মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে সে। মহিলা এককের ফাইনালে ইরিনা ২-০ সেটে হারিয়েছে স্বদেশি আফরিনা ইসলামকে। দ্বৈতে আফরিনার সঙ্গে জুটি গড়ে ২-১ সেটে হারিয়েছে মালয়েশিয়ার জুটি লাবিব মুহজাফর ও কিরণ মনিরাজকে। মিশ্র দ্বৈতে মিনহাজ আহমেদের সঙ্গে জুটি গড়ে ২-১ সেটে হারিয়েছে স্বদেশি জুটি আবুজর আলী ও আফরিনাকে।
নেপাল ওপেনের সেমিতে বাংলাদেশ: কাঠমান্ডুতে অনুষ্ঠানরত নেপাল ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মহিলা দ্বৈতের সেমিফাইনালে উঠেছেন এলিনা ও শাপলা, মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান এবং এনাম ও শাপলা জুটি। মহিলা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে এলিনা ও শাপলা ২-০ সেটে হারিয়েছে নেপালের জুটিকে। মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান একই ব্যবধানে হারিয়েছেন স্বাগতিক দেশের জুটিকে, এনাম ও শাপলা ২-১ সেটে হারিয়েছেন ভারতীয় জুটিকে। আজ সেমিফাইনালে বাংলাদেশের তিনটি বিভাগেই প্রতিপক্ষ ভারত।
কোয়ার্টার ফাইনালে পুরুষ এককে সালমান ২-০ সেটে হেরেছেন ভিয়েতনামের শাটলারের কাছে। পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে তুষার ও সালমান জুটি ২-০ সেটে হেরেছে ভারতের জুটির কাছে।