ব্যাট হাতে শূন্য রানেই সাজঘরে ফিরলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখতে যাচ্ছেন ইলিয়াস সানি। তাঁর ঘূর্ণিজাদুতে একে একে সাজঘরে ফিরেছেন ক্রিক এডওয়ার্ড, ড্যারেন ব্রাভো, ক্রেইগ ব্রাথওয়েট ও শিবনারায়ণ চন্দরপল। আজ চতুর্থ দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৪৪ রান। এখনো বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে আছে ২০৬ রানে।উইন্ডিজ ইনিংসের তৃতীয় ওভারেই লেন্ডল সিমন্সের উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। দলীয় ৪৪ রানের মাথায় ক্রিক এডওয়ার্ডকে সাজঘরে পাঠিয়েছেন অভিষিক্ত ইলিয়াস সানি। কয়েক ওভার পরে ড্যারেন ব্রাভোর উইকেটও তুলে নেন এই বাহাতি স্পিনার। চতুর্থ উইকেটে ৬২ রানের জুটি গড়ে কিছুটা ঘুড়ে দাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ব্রাথওয়েট ও চন্দরপল। কিন্তু এই দুজনকেই সাজঘরে পাঠিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছেন সানি।স্কোরকে ৩৩২-এ রেখে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। মাঠে ফিরে সেই স্কোরকে ৩৫০-এর মাইলফলকে নিয়ে ইনিংস ঘোষণা করে দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৩১ বল খেলে ৩৬ রানের এক ধৈর্য্যশীল ইনিংস খেলে দলকে এই মাইলফলক ছুঁতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন নাঈম ইসলাম।বাজে ড্রেনেজ ব্যবস্থার চক্রপাকে পড়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ও তৃতীয়দিন মাঠে গড়ায়নি একটি বলও। প্রথমদিন সারাদিন ব্যাট করে সংগৃহীত ৪ উইকেটে ২৫৫ রানের সঙ্গে আজ চতুর্থদিন ব্যাট করতে নেমে আর ৯৫ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। এর বিনিময়ে হারাতে হয়েছে ৫টি উইকেট।মুশফিকুর রহিমের ওপর ভরসা ছিল। কিন্তু তিনি আজ মাঠে নেমে প্রথমদিন নিজের সংগ্রহ ৬৮ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই ফিদেল এডওয়ার্ডসের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে বিদায় নেন। প্রথমদিনের ‘রিটায়ার্ড হার্ট’ শাহরিয়ার নাফীসের ব্যাটে আজ ‘ভালোকিছু’র প্রতিশ্রুতি ছিল। নিজের সংগ্রহকে ২১ থেকে ৩২-এ নিয়ে গিয়েছিলেন খুব দ্রুতই। কিন্তু এডওয়ার্ডসের নিচু হয়ে যাওয়া অফস্ট্যাম্পের বাইরের একটি বলকে অযথাই মারতে গিয়ে নিজের বিপত্তি ডেকে আনেন তিনি। নাফীসের বিদায়ের পর নাসির হোসেনের ব্যাটেও ছিল সম্ভাবনা। অভিষেকে ব্যাট হাতে নেমে ৩৪ রান করে অতিরিক্ত শট খেলতে গিয়ে বিশুর বলে ক্যাচ আউট হন তিনি। অথচ মাথা ঠান্ডা করে খেললে নিজের সংগ্রহকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই ছিল না নাসিরের জন্য। নাসিরের পর খুব দ্রুতই বিদায় নেন আরেক অভিষিক্ত ইলিয়াস সানি। শাহাদাত মাঠে নেমে নাঈমকে অনেকক্ষণ সঙ্গ দেন। তাঁর সংগ্রহ ছিল ৯ রান, ২৮ বল খেলে। মধ্যাহ্ন বিরতির পর মাঠে নেমে বাংলাদেশ খুব তাড়াতাড়িই ৩৫০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলে। এর আগে অবশ্য দলীয় ৩৪৫ রানে বিদায় নেন শাহদাত। রুবেল এসে একটি বাউন্ডারি হাঁকিয়ে দলের সংগ্রহ নিয়ে যান ৩৫০-এ। এর পরপরই প্যাভিলিয়ন থেকে ইঙ্গিত আসে ইনিংস ঘোষণার।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ৩৫০/৯ ডিক্লে: (১২২.৪ ওভার)মুশফিকুর রহিম ৬৮, তামিম ইকবাল ৫২, রকিবুল হাসান ৪১, সাকিব আল হাসান ৪০, নাঈম ইসলাম ৩৬*, নাসির হোসেন ৩৪ওয়েস্ট ইন্ডিজ: এডওয়ার্ডস ২/৮৮, বিশু ৩/৮১, স্যামুয়েলস ২/৭৩ওয়েস্ট ইন্ডিজ ১৪৪/৫ (৫১ ওভার, প্রথম ইনিংস)চন্দরপল ৪৯, ব্রাথওয়েট ৩৩, স্যামুয়েলস ১৭* (ব্যাটিং), বাগ ৬* (ব্যাটিং)ইলিয়াস সানি ৪/৫৬, শাহাদাত হোসেন ১/১৯(চতুর্থদিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ২০৬ রানে পিছিয়ে)