ইলিয়াস সানির ‘রোদেলা’ অভিষেক
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজটা ‘অফিশিয়াল’ মর্যাদা না পাওয়ায় ইলিয়াস সানি ও জিয়াউর রহমানের খুব খুশি হওয়ার কথা। নইলে যে তাঁদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক এমন স্মরণীয় হয় না!দুজনই জাতীয় দলের পক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জিম্বাবুয়েতে। তবে রেকর্ড বইয়ে তা লেখা থাকবে না। লেখা থাকবে, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে দুজনেরই আন্তর্জাতিক অভিষেক একই ম্যাচে। ২০১২ সালের ১৮ জুলাই আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে। সে কী অভিষেক!ইলিয়াস সানির নামটা আগে আসবে। পঞ্চম উইকেটটি নেওয়ার পর মাঠেই আবদুর রাজ্জাক তাঁকে মনে করিয়ে দিয়েছেন, টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের কোনো বোলারের প্রথম ৫ উইকেট। রাজ্জাকের ভালোই জানার কথা। কারণ এর আগে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে সেরা বোলিংটা ছিল তাঁরই—২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ১৬ রানে ৪ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে ৪ উইকেট ছিল আর একটিই। সেটিও জোহানেসবার্গেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ বিশ্বকাপে সাকিব আল হাসানের (৪/৩৪)। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং। তবে ইলিয়াস সানির কীর্তিটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসেই বিশিষ্ট হয়ে গেল। মাত্র ২৪টি বলে কী-ই বা করা সম্ভব! তার পরও টি-টোয়েন্টিতে ৬ উইকেটের কীর্তি আছে। ৫ উইকেটের কীর্তি ছিল ৫টি। সানির ১৩ রানে ৫ উইকেট টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা বোলিং। তাঁর ওপরে শুধু অজন্তা মেন্ডিস (৬/১৬) ও উমর গুল (৫/৬)। একটা জায়গায় অবশ্য সবাইকে ছাড়িয়ে এক নম্বরে ইলিয়াস সানির নাম। টি-টোয়েন্টি অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডটি এখন এই বাঁহাতি স্পিনারের।বাংলাদেশের পক্ষে প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তির কথাই জানতেন না। এই রেকর্ডও সানির জানার প্রশ্নই আসে না। ক্রিকেট তাঁর কাছে কখনোই রোমান্টিকতার কোনো ব্যাপার ছিল না। ছিল জীবিকা নির্বাহের উপায়। আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্নও কখনো দেখেছেন কি না সন্দেহ! রেকর্ড-টেকর্ড নিয়ে ভাবারও প্রশ্নই নেই। অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডের কথা বাদ দিন। ৫ উইকেট পেয়েই তিনি আপ্লুত। বিস্মিতও বটে। ‘সারপ্রাইজড তো হওয়ারই কথা। ৪ ওভারে ৫ উইকেট সহজ কথা না। এটা সম্ভব হয়েছে উইকেটের কারণে। আমি নিজেও চেষ্টা করেছি। সেই সঙ্গে আল্লাহও সহায় ছিলেন’—সানি নিজের সাফল্যটাকে ‘যৌথ প্রচেষ্টা’র ফসল হিসেবেই দেখাতে চাইলেন।সানির নামটা ইংরেজি শিরোনাম-লেখকদের জন্য বড় আনন্দের। বেলফাস্টের সবচেয়ে নামী পত্রিকা বেলফাস্ট টেলিগ্রাফ যেমন ম্যাচ রিপোর্টের শিরোনাম করেছে—‘নো সানি সাইড অ্যাজ ইলিয়াস স্পিনস আউট সরি আয়ারল্যান্ড।’ ক্রিকইনফোতেও ‘সানি’ নিয়ে খেলাটা আছে—“সানি’স ফাইভ গিভস বাংলাদেশ ব্রাইট স্টার্ট”। বেলফাস্টে খেলা—সেটিতে কোনো দলের ‘স্পিনস আউট’ হওয়াটা যেমন বিস্ময়ের, ইলিয়াস সানির সেই বিস্ময়ের নায়ক হওয়াটাও তা-ই। বাংলাদেশ দলে তাঁর চেয়ে অনেক বিখ্যাত দুই বাঁহাতি স্পিনারকে ছাপিয়ে নায়ক হয়ে যাওয়ার পর ম্যাচসেরার পুরস্কারটাও বিস্ময় হয়েই এসেছে তাঁর কাছে, ‘সাকিব যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছিল ম্যান অব দ্য ম্যাচটা ওরই প্রাপ্য। আমি এটা আশা করিনি। আমার জন্য এটাও একটা সারপ্রাইজ।’‘সারপ্রাইজ’ বলতে হবে পরশুর ম্যাচে শেষ ৫ ওভারে বাংলাদেশের ব্যাটিংকেও। তবে ২৩৫.২৯ স্ট্রাইক রেটে জিয়াউরের ১৭ বলে অপরাজিত ৪০ রানকে একেবারে ‘সারপ্রাইজ’ বলা যাবে না। অবলীলায় ছক্কা মারার ক্ষমতার কারণেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছিলেন। খেলা হয়নি। এবার যেন আরেকটু পরিণত হয়েই ফিরেছেন। ১৭ বলের ইনিংসে পাঁচ ছক্কা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য অভূতপূর্বই। টি-টোয়েন্টিতে এক ইনিংসে পাঁচ ছক্কাই আছে বাংলাদেশের আর মাত্র একজন ব্যাটসম্যানের—২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে নাজিমউদ্দিনের। ম্যাচে সাত ছক্কাও এর আগে একবারই হয়েছে। ২০০৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে নটিংহামের ম্যাচে। পরের ম্যাচেই এই আয়ারল্যান্ডের কাছে পরাজয়ে টালমাটাল হয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে ঠিক পরের টি-টোয়েন্টি ম্যাচটিতেই জিয়াউরের এই বিধ্বংসী রূপ যেন বাংলাদেশের চিরন্তন একটা আক্ষেপ ঘোচানোর প্রতিশ্রুতি। পরশুর ম্যাচের অনেক প্রাপ্তির মধ্যে এটিকেই বড় করে দেখছেন মাশরাফি বিন মুর্তজা, ‘টি-টোয়েন্টি জিততে সাত-আট নম্বরে বিগ হিটিং ব্যাটসম্যান লাগে। জিয়া যদি এভাবে খেলে যেতে পারে তাহলে আমাদের বড় একটা সমস্যার সমাধান হয়।আসল পরীক্ষাটা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেটি পরের কথা। আপাতত শুধু এটাই বলা যায়, আগামী দুই ম্যাচে জিয়াউর রহমান ব্যাট করতে নামলেই নড়েচড়ে বসবেন সবাই।