ইলিয়েভস্কিকে খুশি করল জাতীয় দল
গত ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনটি অনুশীলন ম্যাচ খেলিয়েছেন। সেদিন জাতীয় দলের খেলায় খুশি ছিলেন না নিকোলা ইলিয়েভস্কি। জাতীয় দল ‘এ’ হেরেছিল একটি ম্যাচে। জাতীয় দল ‘বি’ ড্র করেছিল গোলশূন্য। কাল জাতীয় দল খুশি করে দিল কোচকে। জাতীয় দল ‘বি’ ৩-০ গোলে অনূর্ধ্ব-২২ ‘এ’ দলকে এবং জাতীয় দল ‘এ’ ২-১ গোলে অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারিয়েছে। গোলশূন্য ড্র করেছে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২২ ‘বি’ দল। সবই ৪৫ মিনিটের ম্যাচ।‘আজকের তিনটি ম্যাচ দেখে আমি খুশি। সব দলই ২৬ সেপ্টেম্বরের চেয়ে ভালো খেলেছে। বিশেষ করে জাতীয় দলের খেলায় উন্নতি হয়েছে’—বলেছেন ইলিয়েভস্কি। এর পরও একটা সমস্যা ধরা পড়েছে জাতীয় দলের কোচের চোখে, ‘অনূর্ধ্ব-১৯ দলের গোলকিপিং সমস্যাটা অনেক মনে হচ্ছে আমার কাছে। তারা দুটি গোল দৃষ্টিকটুভাবে খেয়েছে। এমন অবস্থা, ভালো বিকল্পও পাচ্ছি না।’দুপুরের ভারী বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ ছিল পিচ্ছিল। কোচের নজর কাড়তে বাড়তি পরিশ্রম করেছেন খেলোয়াড়েরা। আর এতে সবচেয়ে ‘সফল’ দুজন খেলোয়াড়। ২৬ সেপ্টেম্বর কয়েকজন খেলোয়াড়ের প্রশংসা করেছিলেন কোচ। কাল জাতীয় দল ‘বি’র হয়ে খেলা সোহেল ও ইমন বাবুর কথা আলাদা করে বললেন। সোহেল একটি গোলও করেছেন।‘সোহেল ও ইমন বাবুর খেলা আমার ভালো লেগেছে। সম্ভবত জাতীয় দলের মাঝমাঠে আমি দুটি বিকল্প পেলাম। বলের ওপর ভালো নিয়ন্ত্রণ, ভালো পাসিং...এগুলো ওদের মধ্যে আছে। আমি ওদের সুযোগ দেওয়ার কথা ভাবছি’—বলেছেন ইলিয়েভস্কি।আগামী মাসে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল বাছাইপর্বের খেলা হবে। এই টুর্নামেন্টের দিকেই বেশি তাকিয়ে কোচ। আর তাকিয়ে বিশেষ একজন খেলোয়াড়ের দিকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলতে চান বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ পাসপোর্টধারী এক তরুণ। এর আগে ডেনমার্ক থেকে বাংলাদেশি বংশোদ্ভূত জামাল ভূঁইয়া এসেছিলেন জাতীয় দলে খেলতে। কিন্তু তাঁকে পাসপোর্ট করে দিতে পারেনি বাফুফে। শেষমেশ বিদায় দেওয়া হয়েছে।ইলিয়েভস্কি জানিয়েছেন, আগামী ৩ অক্টোবর বিকেএসপিতে আবার অনুশীলন ম্যাচ হবে। এভাবে ডিসেম্বরে সাফ ফুটবলের আগ পর্যন্ত প্রক্রিয়াটা চলতে থাকবে।