ইলিয়েভস্কির ক্ষমা পেলেন এমিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ফুটবলারের জন্য জাতীয় দলের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আসন্ন সাফ ফুটবলের জন্য সেই দরজা খুলতে বাধ্য হলেন নিকোলা ইলিয়েভস্কি। মিঠুন চৌধুরী, জাহিদ হোসেন বাইরেই থাকছেন। তবে জাতীয় দলের ক্যাম্পে ফেরার অনুমতি পেলেন জাহিদ হাসান এমিলি।আগামী ২ থেকে ১১ ডিসেম্বর দিল্লিতে সপ্তম সাফ ফুটবল। বাংলাদেশের গ্রুপে আছে মালদ্বীপ, পাকিস্তান ও নেপাল। কঠিন গ্রুপ। হাতে সময় নেই। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল শেষে আজ শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেলা তিনটায় জাতীয় দল অনুশীলন ম্যাচ খেলবে শেখ জামালের সঙ্গে।২৬ জনের একটা প্রাথমিক দল চূড়ান্ত করেছেন ইলিয়েভস্কি। তাতে চমক বলতে এমিলির অন্তর্ভুক্তি আর অনূর্ধ্ব-১৯ দলের ছয় খেলোয়াড়ের সুযোগ পাওয়া। সর্বশেষ বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন ওয়ালি ফয়সাল, রাজু, জিয়া, রবিন, মিঠুন ও জাহিদ। প্রথম তিনজনকে ইনজুরির কারণে ডাকা হয়নি বললেন কোচ।এমিলির ব্যাপারে তাঁর কথা, ‘শৃঙ্খলাজনিত কারণে জাহিদকে আমি দলে নেব না বলেছিলাম। তবে একই অপরাধ করলেও এমিলি-মিঠুনের কথা কখনোই ভাবব না, এটা বলিনি। তাদের সামনে সুযোগ আসতে পারে বলেছিলাম। এখন সাফের জন্য আমার স্ট্রাইকার দরকার। তাই এমিলিকে ডেকে জিজ্ঞাসা করলাম ফিটনেস কেমন আছে। সে জানাল, ফিটনেস ভালো আছে। তাই নিলাম।’সাফে বাংলাদেশকে যে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হবে, সেই আলামত কিন্তু স্পষ্টই। এনামুলকে অনুশীলনে ডেকে এক-দুই দিন দেখে কোচ আর আগ্রহ দেখাননি, ‘ও ভালো খেলোয়াড়। কিন্তু বসে থাকতে থাকতে ওজন বেড়ে গেছে।’ মনে হলো রবিন-সবুজরা কোচকে সন্তুষ্ট করতে পারেননি।কোচ এত দিন তাকিয়ে ছিলেন তরুণদের দিকে। কিন্তু বাস্তবতা ভিন্ন, জাতীয় দলের ভার বইবার মতো তরুণ স্ট্রাইকার বাংলাদেশ এখনো পাচ্ছে না। অনূর্ধ্ব-১৯ দলের যে ছয়জনকে ডেকেছেন কোচ, তার মধ্যে স্ট্রাইকার মালেক ও মিডফিল্ডার শাহেদকে মূল স্কোয়াডে রাখতে পারেন। বাকি চারজন—ডিফেন্ডার রায়হান, তপু বর্মণ, স্ট্রাইকার ওয়াহিদ ও অনীককে পর্যবেক্ষণে রাখবেন। তবে ইলিয়েভস্কির একটা সমস্যা হলো, কখন কাকে ডাকবেন আর বাদ দেবেন, বোঝা মুশকিল। দুই দিন আগে বলেছিলেন, অনূর্ধ্ব-১৯ দলের ১০-১১ জন খেলোয়াড়কে জাতীয় দলের ক্যাম্পে ডাকবেন। কিন্তু ডেকেছেন ছয়জনকে। তাতেও একটা বড় ভুল। বাফুফের দেওয়া প্রথম তালিকায় মালেকের নাম ছিল না। সেটি দেখে কোচ বললেন, ‘এই ভুল কেন হয়েছে বুঝলাম না। আমি তো ২৬ জনের নাম দিয়েছি।’সে যা-ই হোক, জাতীয় দল দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু করছে বটে, কিন্তু দেশের বাইরে অনুশীলন ম্যাচ খেলার বন্দোবস্ত এখন পর্যন্ত হয়নি। বাফুফে বলেছে, স্পনসর পেলে তারা দল দেশের বাইরে পাঠাবে। নইলে সম্ভব হবে না। তার মানে, বয়সভিত্তিক দলের মতোই জাতীয় দলের অবস্থা হতে যাচ্ছে।যুব দল নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলে জাতীয় দলকে দুটি ম্যাচে হারিয়েছিল ৪ গোলে। কিন্তু আসল প্রতিযোগিতায় ইরাক আর সৌদি আরবের কাছে ১০ গোল খেয়ে দেখল, আন্তর্জাতিক ফুটবল খুবই কঠিন। সেই কঠিন সমুদ্রে নামমাত্র প্রস্তুতি নিয়ে ঝাঁপাতে হবে বাংলাদেশকে!২৬ সদস্যের প্রাথমিক দল: মামুন খান, বিপ্লব ভট্টাচার্য, শহিদুল আলম, নাসির, তপু বর্মণ, সুজন, মামুন মিয়া, আরিফুল, রায়হান, রেজাউল, ইয়ামিন, প্রাণতোষ, মানিক, ইমন বাবু, শাহেদ, মামুনুল, লিঙ্কন, কোমল, মোবারক, শাকিল, মিশু, তৌহিদুল, ওয়াহিদ, অনীক ও এমিলি ও মালেক।