ইলিয়েভস্কির তরুণ তুর্কিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের হাঁটাচলা, কথাবার্তায় এখনো কিশোরসুলভ চপলতা। চুলের ফ্যাশনে নেইমারের অনুকরণ। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আবদুল মালেকের জাতীয় দলে ডাক পাওয়াটা যেন স্বপ্নের মতোই। গত বছর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে সুব্রত মুখার্জি কাপে এই নয়াদিল্লিতেই খেলে গেছেন। কোচ নিকোলা ইলিয়েভস্কির সুনজরে পড়া মালেক আন্তর্জাতিক অভিষেকেরও ক্ষণ গুনছেন এখানেই। আজই হয়তো সেটি হয়ে যেতে পারে। ইলিয়েভস্কির তারুণ্যে খুব আস্থা। তাই চলমান সাফের প্রথম ম্যাচেই অভিষেক হয়ে গেছে স্ট্রাইকার অনীক ও মিডফিল্ডার শাহেদের।মালেক দেশের বাইরে সুব্রত কাপে খেললেও অনীক আর শাহেদের এটাই দেশের বাইরে প্রথম সফর। তা-ও আবার জাতীয় দলের সঙ্গে। পুরো ব্যাপারটাই খুব রোমাঞ্চকর মনে হচ্ছে এঁদের দুজনের কাছে। তবে তাঁর অভিষেক আরও রঙিন হতো যদি প্রথম ম্যাচেই জয়টা পেত বাংলাদেশ। কাল আম্বেদকার স্টেডিয়ামে অনুশীলনের পর শাহেদের অনুভূতি, ‘জিতলে তো ভালো লাগতই। কিন্তু আমরা দু-দুটি সহজ সুযোগ নষ্ট করেছি।’ চট্টগ্রামের তরুণ শাহেদের সবে পথচলা শুরু। শিখতে চান বড় ভাইদের কাছ থেকে, ‘এখানে যেসব সিনিয়র ভাইয়েরা আছেন তাঁরা সবাই খুব ভালো। কোনো ভুল করলে সঙ্গে সঙ্গে তা ধরিয়ে দেন।’ নারায়ণগঞ্জের ছেলে অনীকের কথা, ‘একটু নার্ভাস লাগছিল শুরুতে। তবে সেটা কয়েক মিনিট পরই কেটে গেছে। মনেই হয়নি যে আমার এটা প্রথম ম্যাচ।’ পাকিস্তানের বিপক্ষে ড্র করায় একটু মন খারাপ। তবে আজ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবেন অনীক, ‘আজ আমাদের লক্ষ্যই থাকবে জয়। তবে প্রথমে যারা গোল করতে পারবে তারাই হয়তো এগিয়ে যাবে।’ অনীকের ফুটবলে আসার পেছনে সবচেয়ে বড় অবদান মা আলেয়া বেগমের। নয়াদিল্লিতে এসেও তাই মায়ের সঙ্গে কথা না বললে তাঁর চলে না। প্রিয় ফুটবলার নেইমার। ব্রাজিল হোক বা সান্তোস হোক নেইমারের খেলা থাকলেই দেখা চাই।চাঁপাইনবাবগঞ্জের মালেকের একটা সুখস্মৃতি আছে নয়াদিল্লিতে। গত বছর অক্টোবরে এই আম্বেদকার স্টেডিয়ামেই হ্যাটট্রিক করেছিলেন। অনুশীলনে ঢোকার আগে বাস থেকে নেমেই সতীর্থদের সঙ্গে সেই মধুর স্মৃতিটা নিয়ে আলাপ করে নিলেন। পাকিস্তানের বিপক্ষেই অভিষেকের আশায় ছিলেন মালেক, কিন্তু কোচ তাঁকে নামাননি। নেপালের বিপক্ষে খেলতে পারেন এই সুসংবাদ শোনার পরও তাঁর সংশয় তাই যাচ্ছে না, ‘আগে মাঠে তো নামি। এর আগে কিছু বলতে চাই না।’ তবে মাঠে নামতে তাঁর তর সইছে না। নয়াদিল্লিতে হ্যাটট্রিকের স্মৃতি আরেকটা স্বপ্নের দিকে নিয়ে এসেছে তাঁকে।